ফ্যামিলি কার্ড-ঘর-নলকূপের প্রলোভনে অর্ধকোটি টাকা প্রতারণা, আটক ৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকর্মী পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ (টিউবওয়েল) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে পিরোজপুরের কাউখালীতে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চক্রটির ৩ সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কাউখালীর চরবানিয়ারী গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে আজাহার আলী মোল্লা (৪৫), তার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও ছেলে রাব্বি মোল্লা (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাস ধরে কাউখালী উপজেলার আসপদ্দি গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের কাছে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে আস্থা অর্জন করে চক্রটি। একপর্যায়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপসহ সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাসিন্দাদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, চক্রটির মূল হোতা হিসেবে পরিচিত শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করেন বলে পরিচয় দিতেন। তিনি অসহায় মানুষের কাছে সাড়ে ৩ হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখান। এভাবে বিভিন্ন গ্রাম থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে সদস্যরা আত্মগোপনে চলে যান। চক্রটির প্রধান সহযোগী হিসেবে পরিচিত ফাহিমা ঘটনার এক দিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে যান বলেও জানান ভুক্তভোগীরা।

থানায় অভিযোগ জানাতে আসা ব্যক্তিদের মধ্যে ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন মালামাল সরবরাহের জন্য এবং ১২ জন ঘর ও টিউবওয়েলের জন্য টাকা দিয়েছেন বলে জানা গেছে।

ঘটনা জানাজানি হলে রোববার রাতে ভুক্তভোগীরা কাউখালী থানায় যান। পরে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই একটি চক্র সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তার দাবি, সয়না রঘুনাথপুর ইউনিয়নের রিপন নামের এক ব্যক্তির মাধ্যমেই ৭ লাখ টাকার বেশি নেওয়া হয়েছে। জড়িতদের কঠোর বিচারের দাবি জানান তিনি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রোববার রাতে স্থানীয়দের সহযোগিতায় ৩ জনকে আটক করা হয়েছে। চক্রের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে সোমবার আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে প্রতারণার শিকার শতাধিক মানুষ থানায় জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে যান কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। তিনি ভুক্তভোগীদের অভিযোগ শুনে প্রতারক চক্রের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।