হাতিরঝিলে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত

রাজধানীর হাতিরঝিলের বাগিচারটেক এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন সানাউল্লাহ গনি ওরফে বাবু (২৬) ও মো. শরিফুল (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত বাবু ও তাঁর পরিচিত ব্যক্তিরা জানান, তাঁরা বাগিচারটেকের একটি রিকশার গ্যারেজে থাকেন এবং সেখান থেকে অটোরিকশা চালান। সোমবার গ্যারেজের পাশের একটি গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় সুজন গ্রুপের হাসিব, নুরু, হাসানসহ ১০ থেকে ১২ জন তাঁদের ওপর হামলা চালান। হামলাকারীদের কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ও চাপাতি ছিল।

এ সময় বাবুর বুকের বাঁ পাশে ও ডান পায়ে গুলি লাগে। এ ছাড়া তাঁর ডান হাতের তালু ও ডান পায়ের পাতায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। একই ঘটনায় শরিফুলের ডান পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

বাবু জানান, তিনি দীর্ঘদিন কাতারে ছিলেন। দেড় মাস আগে দেশে ফিরে অটোরিকশা চালানো শুরু করেন। হামলাকারীদের সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না বলে দাবি করেন তিনি। হামলার পর তাঁর কাছ থেকে ২৬ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও জানান বাবু।

আহত বাবুর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তাঁর বাবার নাম আব্দুল বারেক। অন্যদিকে শরিফুলের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। তাঁর বাবার নাম বেল্লাল হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, হাতিরঝিল এলাকা থেকে আহত দুজন হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে বাবু বুকের বাঁ পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আর শরিফুলের হাঁটুতে আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, টোকাই সুজন গ্রুপের সদস্যরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় সেখান থেকে গুলির দুটি খোসা ও একটি বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, হাতিরঝিলে একজনকে কোপানোর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের দল পাঠানো হয়েছে।