রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযান: ৮ কোটি টাকার হে’রোইন, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি এবং ৮ কোটি টাকার হেরোইন জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এসময় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এসআরবি-৫ এর রাজশাহীর অধিনায়ক ফেরদৌস ইসতিয়াক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসআরবি জানায়, রোববার দিবাগত রাতে এসআরবি-৫ এর যৌথ আভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রাণীনগর হাটপাড়া থেকে অভিযুক্ত আহসান আলী ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বাড়ি তল্লাশি করে ইউএসএ তৈরি দুটি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র কেনাবেচায় সংশ্লিষ্টতা স্বীকার করেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি-না খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলার হয়েছে। গ্রেপ্তার আহসানের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র, পাসপোর্ট জালিয়াতি ও গুরুতর জখমের তিনটি মামলা এবং রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল নোটের মামলা আছে।

এ নিয়ে ৬ মাসে এসআরবি-৫’র অভিযানে মোট ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গান পাউডারসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবি আরও জানায়, একই রাতে এসআরবি-৫’র পৃথক আভিযানে রাজশাহীর শাহমখদুম থানার নওদাপাড়া থেকে দুই সহোদর মোছা ময়না বেগম ও শাহাদত হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভাড়া বাড়ি তল্লাশি করে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই হেরোইনের বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায় সংশ্লিষ্টতা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মামলা হয়েছে। দুজনের বিরুদ্ধে টাংগাইলের কালিহাতি থানায় আগের মাদকের মামলা রয়েছে। এনিয়ে ৬ মাসে এসআরবি-৫’র এর অভিযানে প্রায় ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেন্সিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাজা, ১৬ হাজার পিস ট্যাপেন্ডেটল উদ্ধার করা হয়েছে।

এসআরবি-৫ এর রাজশাহীর অধিনায়ক ফেরদৌস ইসতিয়াক জানান, আইনের শাসন সমুন্নত, মানবাধিকার রক্ষা ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ চিহ্নিত করে প্রতিরোধ ও অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-৫ নিরলস কাজ করে যাচ্ছে। এ অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।