২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে প্রবেশের মুহূর্তে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর উত্তম কাদের সিদ্দিকী। সাংবাদিকরা ছবি তোলার সময় তিনি বলেন, ‘এত ছবি তুলে কী হবে।’
৪১ আসামির মধ্যে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে উপস্থিত হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গাড়ি থেকে নেমে সরাসরি ট্রাইব্যুনাল-২-এর এজলাসকক্ষে প্রবেশ করেন তিনি। এসময় উপস্থিত সাংবাদিকরা ছবি তুলতে গেলে তিনি এমন প্রশ্ন তোলেন।
২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ এবং পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল লতিফ সিদ্দিকীসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুসহ সাবেক সরকারের একাধিক মন্ত্রী, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকদের আসামি করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি চলছে। এর আগে রাষ্ট্রপক্ষ তাদের শুনানি শেষ করে। এরপর শুরু হয় আসামিপক্ষের শুনানি। ধারাবাহিক শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করছেন।
ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটির কার্যক্রম পরিচালনা করছেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আসামিপক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে নেতৃত্ব দিচ্ছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ ছাড়া প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম, মো. শহীদুল ইসলাম সরদার, ফারুক আহাম্মদ, গাজী এমএইচ তামিম ও আব্দুস সাত্তার পালোয়ানসহ অন্য আইনজীবীরা রয়েছেন।
মামলার ৪১ আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ভার্চুয়ালি শুনানিতে অংশ নেওয়ার কথা রয়েছে। বাকি ৩০ জনকে পলাতক ঘোষণা করা হয়েছে।
কারাগারে থাকা আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা।
রাষ্ট্রপক্ষের তথ্যমতে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় সংঘটিত ঘটনায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা।
তদন্তের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন রয়েছেন। রাষ্ট্রপক্ষের অভিযোগে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের পাশাপাশি ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার ৪১ আসামির মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ ও ডা. ইমরান এইচ সরকার। সাংবাদিকদের মধ্যে আসামির তালিকায় রয়েছেন শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা।
পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সাবেক ও তৎকালীন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, সাবেক র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, আবদুল জলিল মণ্ডল, শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এসএম মেহেদী হাসান, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, এসএম শিবলী নোমান ও বিএম ফরমান আলী।
দীর্ঘ তদন্ত শেষে রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পরবর্তী সময়ে পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তারা হাজির না হওয়ায় তাদের পলাতক ঘোষণা করা হয়। একই সঙ্গে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।