নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে মঙ্গলবার (২৪ নভেম্বর) সেখানে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের পরিচালিত চূড়ান্ত অনুশীলনের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখবেন।
বিশেষ এই যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করছে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে নিয়মিত প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। গত এক যুগেরও বেশি সময় ধরে সেখানে সেনাবাহিনীর নিজস্ব সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর যৌথ অনুশীলন অনুষ্ঠিত হলেও তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে এমন মহড়া এবং সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতি এটিই প্রথম।
মহড়া পরিদর্শন ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।