ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন আসামের কাছাড় জেলায় গরু চোরাকারবারিদের ধাওয়া করে বরাক নদীতে নামার পর ভেসে গেছেন বিএসএফের কনস্টেবল কে ভেনু। সোমবার (২৩ নভেম্বর) ভোরে তিনি নিখোঁজ হন, মঙ্গলবার সকাল পর্যন্ত তার খোঁজ মেলেনি।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, হরিনগর বর্ডার আউটপোস্টে মোতায়েন ভেনু ও হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব চার-পাঁচজন চোরাকারবারি আছে জেনে সেখানে যান। ধাওয়া খেয়ে চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিলে দুই জওয়ানও নামেন। জিতেন্দ্র সাঁতরে তীরে উঠলেও ভেনু আর ফেরেননি।
কাছাড়ের পুলিশ সুপার পার্থপ্রতীম দাস জানান, সোমবার সকালে বিএসএফের কোম্পানি কমান্ডার তাদের বিষয়টি জানান। এরপর স্টেট ডিজাস্টার রেসপন্স টিম, এনডিআরএফ ও নৌ পুলিশ উদ্ধার অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।
হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, বাংলাদেশের স্থানীয়দের কেউ কেউ বলছেন, ভেনুকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে বিএসএফ এ দাবি নিয়ে কিছু বলেনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস