দক্ষিণ কোরিয়ার আকাশে ঢুকে পড়লো রুশ বিমান, পাল্টা যুদ্ধবিমান পাঠাল সিউল

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের কাছে দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) মঙ্গলবার (২৪ নভেম্বর) একাধিক রুশ সামরিক বিমান প্রবেশ করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই এলাকায় যুদ্ধবিমান পাঠায় দক্ষিণ কোরিয়া। তবে কিছুক্ষণ পরই রুশ বিমানগুলো এলাকাটি ছেড়ে চলে যায়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের দপ্তর এক বিবৃতিতে জানায়, রুশ বিমানগুলো উপকূলের দিকে এগিয়ে আসার সময় থেকেই সামরিক বাহিনী সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছিল। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানগুলো আকাশে ‘কৌশলগত তৎপরতা’ চালায়।

তবে রুশ সামরিক বিমানগুলো দক্ষিণ কোরিয়ার মূল আকাশসীমা লঙ্ঘন করেনি বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

সামরিক পরিভাষায় এ ধরনের নজরদারি এলাকাকে ‘আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল’ (এডিআইজেড) বলা হয়। এটি কোনো দেশের মূল আকাশসীমার বাইরের একটি নির্দিষ্ট এলাকা, যা মূলত আন্তর্জাতিক আকাশসীমার অন্তর্ভুক্ত। তবে বাইরের কোনো উড়োজাহাজ দেশের আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে শনাক্ত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশগুলো এ ধরনের বাড়তি নিরাপত্তাবলয় তৈরি করে।

এর আগে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় দেশটির পূর্ব উপকূলের উল্লুং দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সতর্কতা জারি করেছিল। একটি রুশ বিমান দেশটির আকাশসীমায় প্রবেশ করেছে—এমন তথ্যের ভিত্তিতে ওই সতর্কতা দেওয়া হয়। তবে মাত্র তিন মিনিট পরই তা প্রত্যাহার করা হয়।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, উল্লুং দ্বীপের কাছে উত্তর কোরিয়ার একটি যুদ্ধবিমান চলে আসতে পারে বলে স্থানীয় প্রশাসনও ভুলবশত একটি সতর্কবার্তা জারি করেছিল। তবে কিছুক্ষণের মধ্যেই সেটি প্রত্যাহার করা হয়।

সূত্র: রয়টার্স