‘ব্যাটাররা তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করেছে’

সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দিন চরম বাজে কেটেছে বাংলাদেশ দলের জন্য। বৃষ্টিস্নাত দিনে চরম ব্যাটিং বিপর্যয়ে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়েছে টাইগাররা। ব্যাটাররা যেভাবে বাজেভাবে খেলে আউট হয়েছে সেটা ছিল দৃষ্টিকটু। দিন শেষে সংবাদ সম্মেলনে দলের সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতা হতাশা প্রকাশ করেছেন।

ব্যাটারদের আউট হওয়ার ধরন প্রসঙ্গে মাকেতা বলেন, ‘আউটের ধরন দেখে আমরা বেশ হতাশ। দক্ষিণ আফ্রিকাও তো এসব দেখছে। আমরা জানি তারা কোথায় বল করবে। আমাদের আউটগুলো আসলে মানসিক ভুল। যদি আমরা নিজেদের প্রক্রিয়াটা জানি এবং নিজেদের সুযোগ দেই ভালো করার, তাহলে ভালো করতে পারব। তখন আরও বেশি সাফল্য পাব। তবে এমন পারফরম্যান্স অবশ্যই হতাশাজনক।’

বাংলাদেশ ব্যাটিংয়ে ধৈর্য ধরতে পারেনি মনে করেন মাকেতা। তিনি বলেন, ‘আমি এখনও বিশ্বাস করি আমাদের সবাই দেশকে প্রতিনিধিত্ব করছে। সবার মাঝেই ক্ষুধা রয়েছে। তারা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করছে। দক্ষিণ আফ্রিকা আমাদের অনেক চাপ দিচ্ছে, এর ফলেই ভুলগুলো হচ্ছে। এজন্য আমরা খেলোয়াড়দের সাথে মানসিক দিক নিয়ে কাজ করছি।’

ব্যাটিংয়ে তাড়াহুড়ো করতে গিয়েই ভুল হয়েছে জানিয়ে মাকেতা বলেন, ‘ব্যাট হাতে আমরা অনেক তাড়াহুড়ো করতে গিয়েছি, সেখানেই ভুলগুলো হয়ে গেছে। আমরা এসব নিয়ে কাজ করে যাচ্ছি, ভুল খুঁজে বের করে যাচ্ছি এবং আশা করছি একটা সমাধান বের করে ফেলতে পারব।’