ন্যূনতম মজুরি নিয়ে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে আজও শিল্পাঞ্চল গাজীপুরে ১৮টি ও আশুলিয়ায় ২৬ কারখানা বন্ধ রয়েছে। আশুলিয়ায় কর্মবিরতি চলছে আরও ১০ কারখানায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর এলাকায় ১০টি এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় আটটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সকালে গাজীপুরের শ্রীপুরের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে শ্রীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেন তারা।
এদিকে, আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, চলমান শ্রমিক আন্দোলনের কারণে আজ শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় ২০টি কারখানা বন্ধ রয়েছে।
এ ছাড়া চারটি কারখানা নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুটি কারখানা মৌখিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মজুরি বৃদ্ধির দাবিতে ১০টি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
এ সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
এর আগে, গতকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ।
গত ১ নভেম্বর গঠিত বোর্ডটির চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখনই প্রস্তাবিত অঙ্কটি প্রকাশ করছি না।’ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত অঙ্কটি সঠিক নয় বলেও জানান তিনি।
তবে সূত্রমতে জানা যায়, মালিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।
অন্যদিকে, গতকাল বোর্ডের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তাদের আগের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২৫ হাজার টাকা করার বিষয়ে সম্মত হয়েছেন।
মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন ন্যূনতম মজুরির প্রস্তাবটি উপস্থাপন করেন।