মৌসুমের শেষটা ভালো যাচ্ছে না সান্তোসের। ঘরের মাঠে গ্রেমিওর কাছে ২-০ গোলে হেরেছে তারা। পুরো ম্যাচ খেলেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি নেইমার জুনিয়র।
তবে হারের চেয়েও বড় প্রশ্ন হয়ে উঠেছে সান্তোসে নেইমারের ভবিষ্যৎ। আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ। নতুন চুক্তি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সিরি আ-এর ৩৬তম রাউন্ডের ম্যাচে গ্রেমিওর মুখোমুখি হয় সান্তোস। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে স্বাগতিকেরা। ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের সুযোগ তৈরি করেন নেইমার। তবে তার শট ফিরিয়ে দেন গ্রেমিওর গোলরক্ষক ওয়েভারটন।
ম্যাচের ১৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ফ্রাঙ্কো আমুজুর গোলে এগিয়ে যায় গ্রেমিও। এরপর নেইমারের একটি ফ্রি-কিক থেকে বল জালে জড়ালেও রেফারির অনুমতি ছাড়া শট নেওয়ায় সেটি বাতিল হয়। পরে আবার নেওয়া ফ্রি-কিকটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
বিরতির পর সমতায় ফেরার চেষ্টা করে সান্তোস। তবে উল্টো ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন ডেনমার্কের স্ট্রাইকার মার্টিন ব্রেইথওয়েট। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রেমিও।
এই হারে ৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান লিগের নবম স্থানে আছে সান্তোস। ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে জায়গা করে নেওয়ার লড়াইও কঠিন হয়ে উঠেছে ক্লাবটির জন্য। অন্যদিকে জয়ের পর ৪১ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে গ্রেমিও।
আগামী ৩১ ডিসেম্বর সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে নেইমারের। তবে চুক্তি নবায়নের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আগামী ১২ ডিসেম্বর সান্তোসের প্রেসিডেন্ট নির্বাচন। নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নেইমারের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালেও সান্তোসে থাকার সম্ভাবনা রয়েছে তার। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।