অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোকাহত তার সহকর্মীরা। শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন অভিনেতা। জানা যায় যে সিনেমার শুটিংয়ে বগুড়ায় গিয়েছিলেন, সেই শুটিংয়ে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ও ছিলেন।
মৃত্যুর কিছুক্ষণ পরেই তাকে নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন জয়।
তিনি ফেসবুকে লিখেছেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। সিনেমার নাম ‘নসিব’। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’
প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেছিলেন সেহেল খান। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন।
তারর অভিনয়জীবনে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ভূমিকা ছিল বিশেষ। অভিনেতা নিজেই একাধিকবার ফারুকীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তার ভাষ্য অনুযায়ী, ফারুকী তাকে নতুন নতুন চরিত্রে আবিষ্কার করেছেন। চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীকে তৈরি করে নেওয়ার ক্ষেত্রে ছিলেন কঠোর। বয়সে ছোট হলেও ফারুকীর কাছে অভিনয়ের প্রয়োজনে বকুনি, এমনকি মারও খেতে হয়েছে সোহেলকে। তবে বিষয়টি নিয়ে তার কোনো আক্ষেপ ছিল না।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২)।
এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’–এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করেন।
সোহেল খানকে দেখা গেছে ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায়। সেখানে তিনি অভিনয় করেছেন একটি গ্যারেজের মালিকের চরিত্রে। সিনেমাটিতে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছিলেন তিনি। নিজের চরিত্রে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছিলেন।