বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতাকর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার জেরে জামায়াতে ইসলামীর চারজন নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এর আগে গতকাল বিকেলে মাঝদিয়া এলাকায় বিএনপির নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির সময় একদল মুখোশধারী হামলা ও গুলি চালায়। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। এরপর সন্ধ্যা থেকে জামায়াতের চারজন নেতা–কর্মীর বাড়িঘরে হামলা–অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন জামায়াতের নেতারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর বালুমহাল নিয়ে ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জেরে গতকাল বিকেলে ঈশ্বরদী পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন একদল মুখোশধারী তাদের ওপর গুলি চালায়। ঘটনার পর গুলিবিদ্ধ পাঁচজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর রাতে একদল লোক সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, জামায়াতের কর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে এসব বাড়িতে থাকা আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিরুদ্ধে স্লোগান দিতে–দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। অত্যন্ত চতুরতার সঙ্গে বর্বরোচিত ও ন্যক্কারজনক এই ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে জামায়াতের নেতা–কর্মীদের বাড়িঘরে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।

তবে জাকারিয়া পিন্টুর সমর্থকেরা দাবি করেন, তারা এলাকায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বিরোধী বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন আওয়ামী লীগ–সমর্থিত কাঁকন বাহিনীর সদস্যরা অতর্কিতে হামলা করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। মূলত পদ্মার বালু ব্যবসা নিয়ে বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। এখানে জামায়াতের সঙ্গে কারও কোনো বিরোধ নেই।

বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু বলেন,‘আমি ঢাকায় আছি। ঘটনার কিছুই জানি না। অকারণে আমার লোকজনকে দোষারোপ করা হচ্ছে। ঘটনা যত দূর জেনেছি, পদ্মার বালুমহাল নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে স্থানীয়দের বিরোধ চলছিল। এর জেরেই গুলি ও রাতে কয়েকটি বাড়িতে হামলা হয়েছে। এখানে জামায়াতের কোনো বিষয় নেই। জামায়াতের কারও বাড়িতে হামলা হয়েছে বলেও আমার জানা নেই।’

এদিকে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, যুবদল ও বিএনপির লোকজন জামায়াতের নেতা–কর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছে। উল্টো পুলিশ বিএনপির লোকজনকে সুরক্ষা দিয়েছে। হামলা–অগ্নিসংযোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারকে সেই ক্ষতিপূরণ দিতে হবে।‎

তবে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং ঈশ্বরদীর বাসিন্দা হাবিবুর রহমান জানান, ঘটনাটি রাজনৈতিক নয়। পদ্মার বালুমহাল নিয়ে বিরোধের জেরেই সব হয়েছে। একটি পক্ষ বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবে বলে তারা প্রত্যাশা করছেন।

এ বিষয়ে আজ বেলা ১১টার দিকে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন এলাকার পরিস্থিতি শান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পাশাপাশি গুলি ও অগ্নিসংযোগের দুটি ঘটনাই তদন্ত করছে পুলিশ বলে জানান ওসি।