আওয়ামী লীগ হিডেন কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগের পতিত সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, বাসে আগুন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ভিডিও তৈরির জন্য আওয়ামী লীগের লোকজন এখন ছোটখাটো কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে (আড়ং প্রান্ত) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি শুরুর আগে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেছেন, একধরনের গোপন বা হিডেন কনটেন্ট ক্রিয়েটর হয়ে তারা ভিডিও তৈরি করছে। খুব নিচু স্বরে ‘জয় বাংলা’ বলছে এবং এসব ভিডিও বিদেশে ছড়িয়ে দিচ্ছে। এটি এক ধরনের মেসেজিং কার্যক্রমে পরিণত হয়েছে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, আমরা একটি বিষয় নিশ্চিত করতে চাই, ৫ আগস্ট আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। এখন তারা যেসব কার্যক্রম চালাচ্ছে, সেগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন তো দূরের কথা, বরং দলটি যে কতটা ফ্যাসিবাদী ও গণবিচ্ছিন্ন শক্তি, সেটিই বারবার প্রমাণিত হচ্ছে।

তিনি বলেন, উনি সারাজীবন বলে এসেছেন, পালিয়ে যাবেন না, পালিয়ে যাবেন না। কিন্তু শেষ পর্যন্ত চলে গেছেন। যিনি আসি আসি বলেও আসেন না, তিনি আসবেন না। তবে আমরা চাই, উনি ফিরে আসুক। ফিরে এলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, সবকিছু মিলিয়ে কোনো উপায় না পেয়ে এখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার এক ধরনের চেষ্টা চলছে। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তার বিরুদ্ধে যে বিচারের রায় হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমাদের পাঁচ দফা দাবি আদায়েও সারা দেশে কর্মসূচি চলমান রয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, আগুন সন্ত্রাস এবং মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যে কার্যক্রম চলছে, এটি আওয়ামী লীগের একটি অভ্যাসগত সন্ত্রাসী কর্মকাণ্ড। এটি তাদের স্বভাব ও চরিত্রের মধ্যে রয়েছে। এই চরিত্রের বহিঃপ্রকাশ তারা দেশে-বিদেশে সব জায়গায় ঘটাচ্ছে।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের আন্তর্জাতিক যে মাত্রা, সেটিও আওয়ামী লীগের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। আপনারা দেখেছেন, বাংলাদেশে তারা যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চালায়, একই ধরনের কর্মকাণ্ড আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও দেখেছি। আর এই আগুন সন্ত্রাসের মদদদাতা হচ্ছে সরাসরি ভারত। আপনারা দেখুন, ভারতের ভূমি ব্যবহার করে, ভারত থেকে এবং ভারতে প্রশিক্ষণ নিয়ে তারা বাংলাদেশে এসে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আবার সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরে যাচ্ছে। আন্তসীমান্ত সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে ভারত। এ জায়গা থেকে আমাদের বার্তা স্পষ্ট।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ দলটির নেতাকর্মীরা।