অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এবার যেন দুঃস্বপ্নের এক অধ্যায় পার করছে ফিজি। গত আসরে তিন ম্যাচে ২০ গোল হজম করা দলটি এবার প্রথম দুই ম্যাচেই ছাড়িয়ে গেছে সেই লজ্জার রেকর্ড। মরক্কোর বিপক্ষে ৬-০ গোলের বড় হারের পর এবার স্পেনের কাছেও স্রেফ বিধ্বস্ত হতে হলো ওশেনিয়া অঞ্চলের দলটিকে।
কাতারে ফিজিকে ১৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। রাফা ক্রুজ, রবার্তো থমাস ও গুইলেরমো ত্রুজিলানো হ্যাটট্রিক করেছেন। শুরুর বাঁশি বাজার পর থেকে তাণ্ডব চালিয়েছে স্পেনের বয়সভিত্তিক দল। হাফটাইমের আগেই ৯ গোল দেয় তারা, তারপর ফিরে এসে আরও ছয়টি।
২১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করা ক্রুজ শেষ করেছেন পাঁচ গোল করে। থমাস ও ত্রুজিলানো পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। মার্কো কোম্পানি, বদলি ইয়েরেমিয়া রামোস ও জর্জ ডোমিঙ্গেজ লিতুবা করেন জোড়া গোল।
১৫ গোল করে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ইতিহাসে স্পেন নিজেদের সর্বোচ্চ জয় পেয়েছে। ১৯৯৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩-০ গোলের জয় পেছনে পড়েছে। কিন্তু প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ জয়ের যৌথ রেকর্ড গড়া হয়নি মাত্র একটি গোলের জন্য। গত বছর নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে ১৬-০ গোলে জিতেছিল মরক্কো, সেটাই এই প্রতিযোগিতায় কোনো দলের সবচেয়ে বেশি গোলের রেকর্ড।
ফিজি বিশ্বমঞ্চে টানা দ্বিতীয়বার খেলতে নেমেছিল। গত আসরে তিউনিসিয়া, বেলজিয়াম ও আর্জেন্টিনার কাছে যথাক্রমে ৬, ৭ ও ৭ গোল খেয়েছিল। এবার প্রথম দুই ম্যাচেই হজম করল ২১ গোল। বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে কোনো গোল করতে পারেনি তারা, বিপরীতে গোল খেল ৪১টি।