ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে আগামীকাল। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানান।
জানা যায়, স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল প্রকাশ করা হবে। এতে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
জানা যায়, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি। এর মধ্যে প্রথম ধাপে এক হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১৯ নভেম্বর নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই একটি তালিকা প্রকাশ করা হয়।