পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি ৫ শতাংশের কম নগদ লভ্যাংশ ঘোষণা করবে, সেসব কোম্পানি ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে পারবে না। তবে ‘এ’ ক্যাটাগরির সব কোম্পানি এবং ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো এ সুবিধা পাবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১ হাজার ৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো কোম্পানি সংশ্লিষ্ট বছরে ‘এ’ ক্যাটাগরিতে থাকলে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজন করতে পারবে। অন্যদিকে, ‘এ’ ক্যাটাগরিতে না থাকলেও কোনো কোম্পানি যদি সংশ্লিষ্ট বছরের জন্য ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে, তাহলেও ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের সুযোগ পাবে।
অর্থাৎ, ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের ক্ষেত্রে দুটি শর্তের যেকোনো একটি পূরণ করতে হবে। শর্ত দুটি হলো, সংশ্লিষ্ট বছরে ‘এ’ ক্যাটাগরিতে থাকা অথবা ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা।