৬ জনকে গুলি করে আহত করার দায় স্বীকার করে ‘শুটার রায়হান’ এর ফেসবুক পোস্ট

চট্টগ্রামের ফটিকছড়িতে বাজারে গুলি চালিয়ে ৬ জনকে আহত করার ঘটনায় ফেসবুকে দায় স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’। 

তবে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি দাবি করেছেন, কয়েকজন বিএনপি নেতা তাকে আওয়ামীপন্থি মনে করে গাড়ি আটকানোর চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালান। ঘটনার পর তাকে ধরতে রাতভর অভিযান চালিয়েও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
 
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে গুলি চালানোর কথা স্বীকার করেন রায়হান।


পোস্টে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম, প্রিয় ফটিকছড়িবাসী। আমি রায়হান। গতকাল রাতে ফটিকছড়ি সুয়াবিল থেকে সিএনজিযোগে বের হলে আমাকে আওয়ামীপন্থি মনে করে কিছু বিএনপি নেতা আমার গাড়ি আটকানোর চেষ্টা করেন। আমিও আমার আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হই।’
 
আহতদের উদ্দেশে দেওয়া পোস্টে রায়হান আরও বলেন, ওই ঘটনার মধ্যেই তাদের সঙ্গে বিরোধ শেষ। কেউ অসহায় হলে বা আর্থিক সহায়তার প্রয়োজন হলে ইনবক্সে যোগাযোগ করতে বলেন তিনি। ভবিষ্যতে গাড়ি আটকানোর আগে ভেতরে কে আছেন, তা জেনে নেওয়ার কথাও উল্লেখ করেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে পশ্চিম সুয়াবিলের শোভনছড়ির দিক থেকে বোরকা পরা চার থেকে পাঁচজন একটি অটোরিকশায় করে চুঁরখারহাট বাজারে আসেন। বাজারের মোড়ে পৌঁছে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। পরে চৌমুহনীর দিকে চলে যান। সেখানেও ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যান তারা।
 
গুলিবিদ্ধ ছয়জন হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের কয়েকজন সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার পর অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তার বাড়ি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে। জাবেদের দাবি, নাজিরহাট ঝংকার মোড় থেকে পাঁচজন অপরিচিত ব্যক্তি শোভনছড়িতে যাওয়ার কথা বলে অটোরিকশাটি ভাড়া করেন। চুঁরখারহাট বাজারে পৌঁছানোর পর তারা গুলি ছুড়তে শুরু করেন। পরে তাকে জিম্মি করে চৌমুহনীর দিকে যেতে বাধ্য করেন। অস্ত্রধারীদের নির্দেশে তিনি গাড়ি চালাতে বাধ্য হন বলে দাবি করেন।
 
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ জানান, প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন, চুঁরখারহাট বাজারে গুলি ছোড়ার সময় অটোরিকশাটিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান ছিলেন। তাকে ধরতে এর আগেও সুয়াবিল এলাকায় অভিযান চালানো হয়েছিল।
 
অভিযানের একপর্যায়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রায়হানকে খুঁজে বের করার আহ্বান জানান পুলিশ কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আপনারা মসজিদের মাইকে ঘোষণা দেন, এইখানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান লুকিয়ে রয়েছে। ওকে পেলে পুরো চট্টগ্রাম ঠান্ডা হয়ে যাবে।’
 
পুলিশ আরও জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুজপুরের হাজিরখিলে রায়হানের অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। তার অবস্থান সম্পর্কে তথ্য দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পুলিশের ধারণা, গ্রেপ্তারের ভয়ে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে রায়হান ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়েছেন। তাদের ধরতে অভিযান চলছে।
 
পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান বিদেশে পলাতক চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। পুলিশের অভিযোগ, বড় সাজ্জাদের বাহিনীর হয়ে চট্টগ্রাম নগর ও আশপাশের উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি।
 
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি, কারাগারে থাকার সময় ছোট সাজ্জাদের সঙ্গে রায়হানের সখ্য গড়ে ওঠে। ২০২৪ সালের ৫ আগস্টের পর জামিনে মুক্ত হয়ে তিনি আবার অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় হন বলে অভিযোগ রয়েছে। পরে ছোট সাজ্জাদ ও ডেভিড ইমন গ্রেপ্তার হলে তাদের নেটওয়ার্কের অস্ত্রভাণ্ডার ও অপরাধজগতের নিয়ন্ত্রণ রায়হানের হাতে চলে আসে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
 
পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদ রায়হান আলম রায়হান উদ্দিন বা ‘শুটার রায়হান’ নামেও পরিচিত। হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে।