আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে?, ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার

ব্রাজিলিয়ান ফুটবলে নেইমারকে ঘিরে উত্তেজনা নতুন কিছু নয়। তবে এবার তার ক্ষোভের কেন্দ্রে প্রতিপক্ষের খেলোয়াড়দের পাশাপাশি রেফারিও। গ্রেমিওর বিপক্ষে ২-০ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ ঝেড়েছেন সান্তোস অধিনায়ক। নেইমারের দাবি, প্রথমার্ধেই তাকে ১০ বারের বেশি ফাউল করলেও যথেষ্ট হলুদ কার্ড দেখাননি রেফারি।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ব্রাজিলিয়ান লিগের ম্যাচে গ্রেমিওর কাছে হেরেছে সান্তোস। ম্যাচ শেষে রেফারি রামন আবাত্তি আবেলের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়েও জড়ান নেইমার। 

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, ম্যাচজুড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের একের পর এক ফাউলের শিকার হলেও রেফারি যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ছিলেন ব্রাজিলিয়ান তারকা।

ব্রাজিলের টেলিভিশন চ্যানেল স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্ষোভ লুকাননি নেইমার। তার দাবি, প্রথমার্ধেই তাকে ১০ বারের বেশি ফাউল করেছেন গ্রেমিওর খেলোয়াড়েরা। কিন্তু সেসব ফাউলের জন্য যথেষ্ট হলুদ কার্ড দেখাননি রেফারি। এতে প্রতিপক্ষের খেলোয়াড়েরা আরও বেপরোয়া হওয়ার সুযোগ পেয়েছেন।

নেইমারের অভিযোগ, রেফারি নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিপক্ষের খেলোয়াড়েরা তাকে টেনেছেন, আঘাত করেছেন। ড্রিবলিং করে তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময়ও অনেক ক্ষেত্রে ফাউলের বাঁশি বাজাননি রেফারি। এটা নিয়ে নেইমারের প্রশ্ন, ‘আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে? তারপর কি রেফারিরা আরও কঠোর হবেন?’

নেইমারের দাবি, প্রথমার্ধেই তাকে ১০ বারের বেশি ফাউল করেছেন গ্রেমিওর খেলোয়াড়েরা। এক্স/সান্তোস

রেফারি আবাত্তির পারফরম্যান্সকে খুবই বাজে বলেও মন্তব্য করেছেন নেইমার। তার মতে, রেফারির ভুল সিদ্ধান্তের প্রভাব পড়েছে সান্তোসের খেলায় এবং ম্যাচের ফলেও।

গত কয়েক দিনের মধ্যে এটি নেইমারকে ঘিরে দ্বিতীয় বিতর্ক। এর আগে কোরিতিবার বিপক্ষে ম্যাচে গ্যালারি থেকে এক দর্শকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছিলেন তিনি। গ্যালারি থেকে উসকানি পাওয়ার পর পাল্টা প্রতিক্রিয়াও দেখান সান্তোস তারকা।

নেইমার যখন রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসছেন, তখন মাঠের ফলটা অবশ্য গ্রেমিওর পক্ষেই গেছে। অবনমন অঞ্চল থেকে বেরিয়ে আসার লড়াইয়ে ২–০ গোলে জিতে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে পোর্তো আলেগ্রের ক্লাবটি। প্রতিযোগিতায় বাকি আর মাত্র দুই রাউন্ড।