লক্ষ্মীপুরের কমলনগরে শাশুড়িকে গালিগালাজ ও মারধরের মামলায় আদালতে আত্মসমর্পণ করে আপস-মীমাংসার শর্তে ২০ দিনের জামিন পেয়েছেন মেয়ের জামাই আমির হোসেন (৩৫)। তবে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পরই শ্বশুর-শাশুড়িকে আবারও মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তাজু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আমির হোসেনের শ্বশুর মো. দুলাল (৫০) ও শাশুড়ি হোসনেয়ারা বেগম (৪৫) গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত আমির হোসেন চরফলকন ইউনিয়নের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। তিনি হাজিরহাট বাজারের মাংস ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে স্ত্রী ও পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারিশ ও ক্রয়সূত্রে চর জাঙ্গালীয়া মৌজায় বসতবাড়ির ১১ শতক জমির মালিক হোসনেয়ারা বেগম। ২০১৫ সালে ওই জমির চার শতক মেয়ে শেফালী বেগমকে দান করেন তিনি। সেখানে ঘর নির্মাণ করে বসবাস করছেন আমির হোসেন।
অভিযোগ রয়েছে, আমির হোসেন প্রায়ই বাড়ির দরজার খোলা জায়গায় গরু জবাই করেন। এ ছাড়া গরুর বর্জ্য ও মলমূত্র খোলা জায়গা এবং বাড়ির পুকুরে ফেলেন। এতে দুর্গন্ধে বসবাস কঠিন হয়ে পড়ে হোসনেয়ারা দম্পতির। এসব কাজে নিষেধ করায় শাশুড়িকে গালিগালাজ ও তিন দফায় মারধর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এর ধারাবাহিকতায় গত ২৫ জুলাই দুপুর ১২টার দিকে ১১ শতক জমিতে গরুর গামলা বসিয়ে দখলের চেষ্টা এবং বাড়ির গাছপালা কেটে প্রায় তিন লাখ টাকার ক্ষতিসাধন করা হয়। এতে বাধা দিলে হোসনেয়ারা বেগমকে মারধর, শ্বাসরোধের চেষ্টা এবং গলা ও কানের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে আমির হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে।
এ ঘটনায় গত ২৮ জুলাই লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আমির হোসেন, মেয়ে শেফালী বেগম, আমিরের বোনজামাই আবু তাহের নান্নু (৪৫) এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন হোসনেয়ারা বেগম।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য কমলনগর থানার ওসিকে নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারা এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়।
ওই মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করেন আমির হোসেন। শাশুড়ির সঙ্গে বিরোধ মীমাংসার জন্য সময় চাইলে আদালত আপস-মীমাংসার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে ২০ দিনের জামিন দেন। তবে বাড়ি ফেরার পরই তিনি শাশুড়িকে গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে শ্বশুর দুলালও হামলার শিকার হন।
হোসনেয়ারা বেগম বলেন, আদালত থেকে জামিন পেয়ে বাড়িতে এসেই আমির হোসেন অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আমার স্বামীসহ দুজনকে এলোপাতাড়ি মারধর করে। এখন পর্যন্ত সে আমাকে চারবার মেরেছে। এমনকি বাড়ির রাস্তা দিয়ে আমাকে হাঁটতেও দেয় না।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে আমির হোসেন বলেন, আমার বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়েছে। শাশুড়ির সঙ্গে আমার কোনো বিরোধ নেই।
কমলনগর থানার এসআই মো. ফারুক হোসেন বলেন, আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। তবে সোমবারের হামলার বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেননি।