সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে: অর্থমন্ত্রী

দেশ ও বিশ্বজুড়ে নীতি-নৈতিকতার অবক্ষয় ঘটছে, যার প্রভাব কোনো পেশার মানুষই এড়াতে পারছেন না। তবে অন্যান্য পেশার তুলনায় সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয়ের প্রভাব বেশি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, সাংবাদিকদের ওপর মানুষের কাছে সত্য ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, মানুষের নৈতিকতার মানদণ্ড বা ‘মরাল কম্পাস’ বর্তমানে নানা প্রশ্নের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব ও ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সত্য প্রকাশের ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে হবে, যাতে সাধারণ মানুষ সঠিক তথ্য পেতে পারেন।

তিনি বলেন, প্রচলিত গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও নাগরিক সাংবাদিকতার বিস্তারের কারণে তথ্যপ্রবাহের ধরন অনেক বদলে গেছে। এখন অনলাইন, প্রিন্ট, টেলিভিশন ও রেডিওর বাইরেও নানা উৎস থেকে মানুষ তথ্য পাচ্ছেন। ফলে কোন তথ্য সত্য আর কোনটি বিভ্রান্তিকর, তা সাধারণ মানুষের পক্ষে শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় পেশাদার সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা ধরে রাখা জরুরি।

সাংবাদিকতার মান ও নৈতিকতা রক্ষার দায়িত্ব কেবল গণমাধ্যমকর্মীদের ওপর ছেড়ে দেওয়া যায় না উল্লেখ করে আমির খসরু বলেন, এ ক্ষেত্রে রাজনীতিবিদসহ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে স্বচ্ছতা, পারস্পরিক আস্থা ও সহযোগিতা প্রয়োজন। নিরপেক্ষ প্রক্রিয়ায় সাংবাদিকদের কাজের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ পেশাগত উৎকর্ষ বাড়াতে সহায়ক হবে।

উন্মুক্ত সরকারব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সরকার ও গণমাধ্যমের মধ্যে কার্যকর যোগাযোগ এবং পারস্পরিক বিশ্বাস থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, সরকারের কার্যক্রমের সীমাবদ্ধতা ও ভুলত্রুটি জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। একই সঙ্গে নীতিনির্ধারণ ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের স্বাধীন ও বস্তুনিষ্ঠ মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাংবাদিকদের কাছ থেকে পাওয়া সমালোচনা ও পরামর্শকে বিরোধিতা হিসেবে না দেখে ইতিবাচকভাবে গ্রহণ করার আহ্বান জানান অর্থমন্ত্রী। তার মতে, সরকারকে যেমন জবাবদিহি ও স্বচ্ছতার জায়গায় উন্মুক্ত থাকতে হবে, তেমনি সাংবাদিকদেরও পেশাগত সততা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। বিদ্বেষ বা একপেশে মনোভাব নিয়ে দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।

সাংবাদিকদের সঙ্গে নিজের যোগাযোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বিরোধী দলে থাকার সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ ছিল। বর্তমানে সরকারি দায়িত্ব পালনের ব্যস্ততায় সময় দেওয়া কিছুটা কঠিন হলেও তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার চেষ্টা করছেন।

দেশের অগ্রগতির জন্য রাজনীতিবিদ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান আমির খসরু। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি সাংবাদিকতার গুণগত মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এ ছাড়া উপস্থিত ছিলেন নগদের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী, নগদ প্রশাসক মোতাসিম বিল্লাহ, জুরি বোর্ডের চেয়ারম্যান শামসুল হক জাহিদসহ বিচারকমণ্ডলীর সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশন ও রেডিও—এই দুই শ্রেণিতে মোট ২২টি বিষয়ে সেরা প্রতিবেদনগুলোর জন্য পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি সব ধরনের গণমাধ্যমের সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ ছিল এমন দুটি বিভাগেও সেরা প্রতিবেদনকে রাষ্ট্রপতির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।