‘একে একে সব ভিলেন মারা যাবে’, শেষ দৃশ্যের আগেই বিদায় নিলেন সোহেল খান

‘নসীব’ সিনেমায় চার খলচরিত্রের একজন ছিলেন অভিনেতা সোহেল খান। গল্পের প্রয়োজনে তার চরিত্রটির মৃত্যুর দৃশ্য ধারণ করার কথা ছিল। কিন্তু সেই দৃশ্যের শুটিং শুরুর আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন ৬৬ বছর বয়সী এই অভিনেতা। তার মৃত্যুতে থমকে গেছে সিনেমাটির শুটিং ইউনিট।

পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, সোহেল খানের আরও তিন থেকে চারটি দৃশ্যের শুটিং বাকি ছিল। এর মধ্যে ছিল তার চরিত্রের মৃত্যুর দৃশ্যও। দুই-তিন দিনের মধ্যে বগুড়ার কাজ শেষ করে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল অভিনেতার।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘নসীব’ সিনেমার শেষ পর্যায়ের শুটিং চলছিল বগুড়ায়। এতে বলিউড অভিনেতা মুকেশ ঋষি ও বাপ্পারাজের সঙ্গে বেশ কয়েকটি দৃশ্যে অভিনয় করেছিলেন সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) তার শুটিংয়ের শিডিউলও ছিল। সকালে সহকর্মীদের সঙ্গে নাশতা করে নিজের কক্ষে ফিরে গিয়েছিলেন তিনি। এরপর শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময়ই ঘটে মর্মান্তিক ঘটনা।

নাশতার পর কক্ষে ফিরে অসুস্থ
পরিচালক মোহাম্মদ ইকবালের ভাষ্য অনুযায়ী, সকালে নাশতা শেষে মেকআপ নেওয়ার জন্য বগুড়ার মম ইন হোটেলে নিজের কক্ষে যান সোহেল খান। পরে শুটিংয়ের জন্য তাকে ডাকতে গিয়ে সহকারী পরিচালক রাজু কক্ষে পড়ে থাকতে দেখেন অভিনেতাকে। তার চিৎকার শুনে আশপাশের কক্ষ থেকে সহকর্মীরা ছুটে আসেন।

অভিনেতা এল আর খান সীমান্ত জানান, কক্ষে গিয়ে তারা সোহেল খানের নাড়ির স্পন্দন পাচ্ছিলেন না। এ সময় তিনি ও মেকআপশিল্পী বাবু তাৎক্ষণিকভাবে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। পরে দ্রুত গাড়ির ব্যবস্থা করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা উল্লেখ করা হয়েছে।

নিজের চরিত্রের পরিণতি নিয়ে করেছিলেন রসিকতা
‘নসীব’ সিনেমায় মুকেশ ঋষি, বাপ্পারাজ, সোহেল খান ও মুকিত জাকারিয়া—চারজনই খলচরিত্রে অভিনয় করছেন। পরিচালক জানিয়েছেন, সিনেমার গল্পে একে একে চারটি চরিত্রেরই মৃত্যু ঘটে।

গত শুক্রবার রাতে বগুড়ার মম ইন হোটেলের লবিতে সিনেমাটি নিয়ে কথা বলেছিলেন সোহেল খান। বলিউড অভিনেতা মুকেশ ঋষির সঙ্গে কাজের অভিজ্ঞতা, বাপ্পারাজ ও মুকিত জাকারিয়ার সঙ্গে অভিনয় এবং নিজের চরিত্রের পরিণতি নিয়ে কথা বলার একপর্যায়ে মজা করে বলেছিলেন, ‘একে একে সব ভিলেন মারা যাবে।’

ঈদে সিনেমাটি মুক্তি পেলে দর্শকেরা উপভোগ করবেন বলেও প্রত্যাশা করেছিলেন তিনি। কিন্তু পর্দায় নিজের চরিত্রের শেষ পরিণতি দেখার আগেই বাস্তবে শেষ হলো তার পথচলা।

একসঙ্গে এসেছিলেন, ফেরার কথা ছিল একসঙ্গে
মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ আগে একসঙ্গে কাজ করেছিলেন সোহেল খান ও মুকিত জাকারিয়া। সেখান থেকেই তাদের পরিচয়, যা পরে ১৪ বছরের বেশি সময়ের বন্ধুত্বে রূপ নেয়।

‘নসীব’-এর শুটিংয়ে অংশ নিতে দুজনই বগুড়ায় এসেছিলেন। একই হোটেলে পাশাপাশি কক্ষে থাকছিলেন তারা। শুটিং শেষ করে একসঙ্গে ঢাকায় ফেরার পরিকল্পনাও ছিল। বন্ধুর আকস্মিক মৃত্যুতে শোকাহত মুকিত জাকারিয়া বলেন, ‘একসঙ্গে এসেছিলাম। একসঙ্গে ঢাকায় ফেরার কথা ছিল।’

শোকের কারণে শুটিং বন্ধ
সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শুটিং ইউনিটে শোকের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবারের বাকি শুটিং বাতিল করে প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রযোজক আরশাদ আদনান জানান, আকস্মিক এ ঘটনায় পুরো ইউনিটের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। সবার পরিস্থিতি বিবেচনা করেই দিনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বগুড়ায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সোহেল খানের মরদেহ ঢাকার ধামরাইয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

‘নসীব’ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও শাহরিয়ার নাজিম জয়। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক মোহাম্মদ ইকবাল।