অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একই সঙ্গে ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে সশরীর উপস্থিত হয়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান ও আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া বিনা অনুমতিতে দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে বিধি অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
সাবেক উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নির বিষয়ে অধ্যাপক আলফেছানী বলেন, তাদের অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয় অবগত নয়। এ কারণে তাদের সাত কর্মদিবসের মধ্যে সশরীর রেজিস্ট্রারের কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।
দুই শিক্ষকের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ
জুলাই অভ্যুত্থানে ভূমিকা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দুজন শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে সিন্ডিকেট। অধ্যাপক আলফেছানী বলেন, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামাল উদ্দিনের বিরুদ্ধে এসব অভিযোগের ভিত্তিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে পরবর্তী সিন্ডিকেট সভায় চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।