খুলনা নগরিতে পরিবহন ব্যবসায়ীর বাড়ি ও রেস্টুরেন্টসহ তিন স্থানে গু’লি

খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহ-সভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি করার আগে তার সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তি হয়।

এছাড়া, নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামের এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি এবং ‘দ্যা পালংকি’ নামের একটি রেস্টুরেন্টে গুলি চালানো হয়েছে। তবে, এসব ঘটনায় কেউ হতাহত হননি। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন সময় ঘটা এসব ঘটনায় নগরীতে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে।

ঘটনার সময় তিন থেকে চারজন ব্যক্তি সাঈদ শিকদারের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একটি দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজায় লাগে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দরজায় গুলির চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, সাঈদ শিকদার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। তবে, কী কারণে এবং কারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা জানা যায়নি।


এদিকে, নগরীর লবণচরা থানাধীন মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির পেছনের একটি বাড়ির ভেতর দিয়ে টুটুলের শোবার ঘরের জানালার থাই গ্লাস লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে জানালার গ্লাসে গুলির আঘাতের চিহ্ন তৈরি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভুক্তভোগী টুটুল পেশায় একজন পরিবহন ব্যবসায়ী। মোংলায় তার ব্যবসায়িক অফিস রয়েছে। 

টুটুল জানান, এর আগে নুর আজিম বাহিনীর ছবি পাঠিয়ে তাকে ওই বাহিনীর সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়েছিল।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হননি। ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না।

অন্যদিকে, চাঁদার দাবিতে সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজের সামনে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর মুঠোফোনে রেস্টুরেন্ট মালিককে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, রেস্টুরেন্টটি চালুর পর থেকেই ‘বি কোম্পানি’র সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি ফোনের মাধ্যমে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার দাবিতে গত এক মাসের মধ্যে প্রায় ১৫ দিন রেস্টুরেন্টটি বন্ধ রাখতে বাধ্য হন তারা। মঙ্গলবার পুলিশের হস্তক্ষেপে পুনরায় রেস্টুরেন্টটি চালু করা হয়। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বিকেলে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত রেস্টুরেন্ট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আরও জানায়, গুলির ঘটনার কিছুক্ষণ পর মুঠোফোনে ফোন করে বলা হয়, ‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে গুলি করব।’ এতে রেস্টুরেন্টের মালিকসহ সংশ্লিষ্ট সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি রেস্টুরেন্টের ওপরের সাইনবোর্ডে লাগে। 

তিনি বলেন, চাঁদাবাজদের ভয়ে এতদিন রেস্টুরেন্টটি বন্ধ ছিল। পুলিশের নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার সেটি চালু করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ঘটনার সময় পুলিশের একটি দল ঐ এলাকায় টহলে ছিল বলেও জানান তিনি।