ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার মানবাধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করে ফেলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত ‘“সো হোয়াট’স দিস ডেমোক্রেসি উই আর টকিং অ্যাবাউট?”: মোদি’স অথরিটেরিয়ান প্লেবুক ইন ইন্ডিয়া’ শীর্ষক ৯৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে সংস্থাটি এ তথ্য তুলে ধরে।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি দমন-পীড়ন, দুর্নীতি এবং ভোটার তালিকা সংশোধনের গভীর ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার প্রতিবাদে ভারতের নাগরিকেরা ক্রমেই রাজপথে নেমে আসছেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার সংসদীয় রীতিনীতিকে অবমূল্যায়ন করছে, রাজনৈতিক বিরোধীদের দমন করছে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। পাশাপাশি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, দুর্নীতিবিরোধী ন্যায়পাল এবং মানবাধিকার কমিশনের মতো সাংবিধানিক ও বিধিবদ্ধ সংস্থাগুলোকে দুর্বল করার পাশাপাশি বিচার বিভাগেও হস্তক্ষেপ করছে সরকার।
২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জনেরও বেশি আইনজীবী, সাংবাদিক, অধিকারকর্মী, গবেষক, শিক্ষাবিদ, বর্তমান ও সাবেক বিচারক এবং সাবেক সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
প্রতিবেদন প্রকাশের পর এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, ‘গত এক দশকে মোদি সরকার ভারতের স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে, যেগুলো নির্বাহী ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং নাগরিক স্বাধীনতা সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার আইনের শাসন ক্ষুণ্ন করেছে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদকে উৎসাহিত করেছে; এর মাধ্যমে মানবাধিকারের সুরক্ষা সংকুচিত করা হয়েছে, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার খর্ব করা হয়েছে এবং ভারতের কর্তৃত্ববাদী পতনকে আরও গভীর করা হয়েছে।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মোদি প্রশাসন প্রায়ই সংসদীয় তদারকি ব্যবস্থা উপেক্ষা করেছে। ২০২৩ সালের ডিসেম্বরে সরকার এমন একটি আইন পাস করে, যার মাধ্যমে নির্বাচন কমিশনারদের নিয়োগে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করা হয় এবং দায়িত্ব পালনকালে নেওয়া পদক্ষেপ, সিদ্ধান্ত বা বক্তব্যের জন্য তাঁদের ব্যাপক আইনি দায়মুক্তি দেওয়া হয়। সংসদের উভয় কক্ষ থেকে পুরো অধিবেশনের জন্য নজিরবিহীন সংখ্যক বিরোধী সদস্য—লোকসভা (নিম্নকক্ষ) থেকে ১০০ জন এবং রাজ্যসভা (উচ্চকক্ষ) থেকে ৪৬ জন—সাসপেন্ড থাকা অবস্থায় আইনটি পাস করা হয়েছিল।
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল না। সাধারণত কোনো বিল আইনে পরিণত হতে হলে উভয় কক্ষের অনুমোদন লাগে, তবে অর্থসংক্রান্ত কিছু বিষয় লোকসভায় ‘অর্থ বিল’ (মানি বিল) হিসেবে উত্থাপন করা যায়, যার জন্য রাজ্যসভার অনুমোদনের প্রয়োজন হয় না। মৌলিক অধিকারের ওপর গুরুতর প্রভাব ফেলে এমন আইনগুলোকেও অর্থ বিলের আওতায় না পড়া সত্ত্বেও মোদি প্রশাসন আক্রমণাত্মকভাবে অর্থ বিল হিসেবে পাস করিয়ে নিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
এর উদাহরণ হিসেবে বলা হয়, ২০১৯ সালে সরকার একই কৌশল ব্যবহার করে অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ) সংশোধন করে এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করে। রাজনৈতিক প্রতিপক্ষ, অধিকারকর্মী ও সমালোচকদের অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করতে সংস্থাটিকে ব্যবহার করা হয়েছে, যদিও ইডির ক্ষমতা বৃদ্ধির বিষয়টি অর্থ বিলের নির্ধারিত মানদণ্ডের মধ্যে পড়ে না।
নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ঘৃণামূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন করা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদি ও বিজেপির জ্যেষ্ঠ নেতাদের জবাবদিহির আওতায় আনতে কমিশন বারবার ব্যর্থ হয়েছে। এ ছাড়া নিবন্ধিত ভোটার তালিকায় কারচুপি, ভোটের তথ্য গোপন, ভোট গণনায় অনিয়ম এবং ভোটযন্ত্রে হস্তক্ষেপের বিষয়ে ভোটার, অধিকারকর্মী, শিক্ষাবিদ ও রাজনৈতিক দলগুলোর অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্ত করতেও কমিশন ব্যর্থ হয়েছে।
নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা নিয়ে উদ্বেগের মুখে নির্বাচন কমিশন বর্তমানে চরম বিশ্বাসযোগ্যতার সংকটে পড়েছে। মৃত, দ্বৈত বা অযোগ্য ভোটার বাদ দেওয়ার কথা বলে ২০২৫ সালের জুন থেকে শুরু হওয়া ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নির্বিচারে ১৩ কোটিরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে, যার জেরে ২০২৬ সালের অক্টোবরে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতাদের দলত্যাগ করে বিজেপিতে যোগ দিতে বাধ্য করার জন্য প্রশাসন কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী, অর্থ পাচারবিরোধী আইন সংশোধনের পর ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ১৯৩ জন রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, যাঁদের অধিকাংশই সরকারের বিরোধী পক্ষের। মোদি প্রশাসনের আগের এক দশকে মাত্র ২৬ জন রাজনীতিবিদের বিরুদ্ধে তদন্ত হয়েছিল, অর্থাৎ মামলা দায়েরের হার ৬০০ শতাংশেরও বেশি বেড়েছে। অভিযুক্ত ব্যক্তিরা আনুগত্য পরিবর্তন করে বিজেপিতে যোগ দিলে এসব তদন্ত দ্রুত স্থগিত হয়ে যায় বা অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়, যে কারণে বিরোধী দলগুলো বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলে অভিহিত করে থাকে।
২০১৪ সাল থেকে মোদি সরকার বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) এবং আর্থিক অনিয়ম সংক্রান্ত অন্যান্য আইনের অধীনে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, মানবাধিকার আইনজীবী, অধিকারকর্মী ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করতে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর ব্যবহার বাড়িয়েছে। পাশাপাশি মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী, শান্তিপূর্ণ বিক্ষোভকারী, শিক্ষাবিদ ও সমালোচকদের অন্যায়ভাবে কারারুদ্ধ করতে এবং অনেক ক্ষেত্রে বিচার ছাড়াই বছরের পর বছর আটকে রাখতে অপব্যবহারযোগ্য সন্ত্রাসবিরোধী আইন ‘আনলফুল অ্যাক্টিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট’ (ইউএপিএ) ব্যবহার করা হচ্ছে।
মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে ভারতের আদালতগুলোও ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছে এইচআরডব্লিউ। ২০২২ সালে সুপ্রিম কোর্ট অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে তদন্ত সংস্থাগুলোর গ্রেপ্তার, তল্লাশি ও জব্দের ক্ষমতাকে অনুমোদন ও সম্প্রসারণ করে; আইন বিশেষজ্ঞরা ওই রায়কে জীবন ও স্বাধীনতার অধিকার খর্বকারী হিসেবে সমালোচনা করেছিলেন।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশনগুলোর শুনানি বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে। ২০২৬ সালের মে মাসে ভোটার তালিকা থেকে লাখ লাখ নাম বাদ পড়ার পরও আদালত রায় দেন যে প্রাপ্ত তথ্য ‘পদ্ধতিগত ভোটাধিকার হরণের’ ইঙ্গিত দেয় না। এর আগে এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার তালিকা থেকে ৯০ লাখ নাম—যা মোট ভোটারের ১২ শতাংশ—বাদ দেওয়ার পর আদালত কার্যত মত দেন যে পরবর্তীতে তালিকায় নাম যুক্ত করা হলে ওই সময়ে তাঁদের ভোট না দিতে পারাটা গ্রহণযোগ্য। এর কিছুদিন পরই পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসে বিজেপি। অবশ্য বিক্ষোভের মুখে নভেম্বর নাগাদ নির্বাচন কমিশন নির্বিচারে নাম বাদ দেওয়ার কিছু সিদ্ধান্ত প্রত্যাহার করতে শুরু করে।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গত এক দশকে মোদি প্রশাসনের এসব কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন প্রাতিষ্ঠানিক ব্যর্থতা নয়, বরং একটি কর্তৃত্ববাদী কৌশলের একে অপরের পরিপূরক অংশ। দুর্বল বিরোধী দলের পক্ষে নির্বাহী নিয়ন্ত্রণ জোরদারকারী আইন প্রতিরোধ করার সুযোগ সীমিত হয়ে পড়েছে; রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের পরিচালিত কেন্দ্রীয় ও রাজ্য মানবাধিকার কমিশনগুলো নাগরিক সমাজের কণ্ঠরোধ রোধে যথাযথ ভূমিকা রাখছে না এবং আদালত সময়মতো কার্যকর প্রতিকার দিতে ব্যর্থ হওয়ায় এসব অপব্যবহার বাধাহীনভাবে চলছে।
ভারতের মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চপর্যায়ের বৈঠক ও যোগাযোগ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির আলোচনাসহ প্রকাশ্যে ও গোপনে চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অবনতির বিষয়ে উদ্বেগ জানানো উচিত।
ইলেইন পিয়ারসন বলেন, ‘ভারতের গণতান্ত্রিক অবক্ষয় রোধ করার অর্থ হলো সরকারের সমালোচকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করা এবং সবার অধিকার রক্ষার ঢাল হিসেবে সেগুলোকে পুনর্গঠন করা। স্বাধীন প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণ বন্ধ করতে এবং নির্বাহী ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য ফিরিয়ে আনতে ভারতের মিত্রদের উচিত মোদি সরকারের ওপর চাপ সৃষ্টি করা।’