শেখ হাসিনার দেশে ফেরার সময় জানিয়ে আলোচনার কেন্দ্রে সৈয়দ মোজাম্মেল আলী

ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান—আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে এমন ঘোষণা দিয়ে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সৈয়দ মোজাম্মেল আলী। রয়টার্সের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান কৃষ্ণ এন দাস তাকে শেখ হাসিনার মুখপাত্র হিসেবে উদ্ধৃত করার পর বাংলাদেশের রাজনীতিতে তাকে ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। 

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মোজাম্মেল জানান, বিজয় দিবসে অর্থাৎ ২০২৬ সালের ১৬ ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে ইচ্ছুক এবং নয়াদিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তিনি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। আলীর যুক্তি হলো, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে যেহেতু বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে পাঠানো হয়েছিল, তাই তার ফেরার ক্ষেত্রেও একই ব্যবস্থা করা উচিত এবং বিজয় দিবসে তার প্রত্যাবর্তন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

মোজাম্মেল আলীর এই ঘোষণার পর দলের ভেতরে তার পদমর্যাদা ও মুখপাত্র হওয়ার বৈধতা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গনমাধ্যমকে জানান, যুক্তরাজ্যে বসবাসরত মোজাম্মেল শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে সমন্বয় করেন। 

আরাফাত বলেন, ‘আমরা সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি এবং নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করার চেষ্টা করছি। বিদেশ থেকে কেন্দ্রীভূত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা কঠিন।’ তিনি আরও বলেন, ‘তাই হ্যাঁ, মোজাম্মেল আলী যদি শেখ হাসিনা সম্পর্কে কোনো সংবাদমাধ্যমকে বক্তব্য দেন, তবে তিনি সম্ভবত আমাদের নেত্রীর কাছ থেকে সরাসরি শোনার পরই তা করেন।’

তবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মোজাম্মেলকে দলের মুখপাত্র হিসেবে মানতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন। গণমাধ্যমে নাদেল বলেন, ‘সৈয়দ মোজাম্মেল আলী যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন সহ-সভাপতি। সম্ভবত সিদ্ধান্ত নেওয়ার পর শেখ হাসিনা প্রথম তার সঙ্গেই যোগাযোগ করেছিলেন, এরপর তিনি ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা গণমাধ্যমকে জানান।’ 

নাদেল স্পষ্ট করে বলেন, ‘তিনি আমাদের মুখপাত্র নন। মনে হচ্ছে তিনিই কেবল প্রথম এই সিদ্ধান্তের কথা জানতে পেরেছিলেন। আমাদের নেত্রী সবার সঙ্গেই কথা বলেন এবং তিনি হয়তো তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এরপর তিনি তা গণমাধ্যমকে জানিয়েছেন। এইটুকুই।’ নাদেল জানান, মোজাম্মেল হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও যোগাযোগ রাখেন এবং তার মাধ্যমেই প্রস্তাবিত প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন, যা পরবর্তীতে আওয়ামী লীগের দাপ্তরিক ওয়েবসাইটেও প্রকাশিত হয়।

৭৭ বছর বয়সী সৈয়দ মোজাম্মেল আলী দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের সারেতে বসবাসকারী একজন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। যুক্তরাজ্যের কোম্পানি নিবন্ধন নথি অনুযায়ী, ১৯৪৯ সালের জানুয়ারিতে তার জন্ম এবং তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কাশিয়ানীতে। তিনি শেখ হাসিনার সাবেক উপদেষ্টা চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলীর ছোট ভাই। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়।

তিনি লন্ডনভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান, যেটি আওয়ামী লীগের শাসনামলে ব্রিটেন ও ইউরোপীয় পার্লামেন্টে সেমিনার ও নীতিগত আলোচনার আয়োজন করত। এসব প্ল্যাটফর্ম ও লেখনীর মাধ্যমে তিনি আন্তর্জাতিক মহলে হাসিনা প্রশাসনের নীতির পক্ষে অবস্থান নিতেন। 

গত ২৪ নভেম্বর যুক্তরাজ্যভিত্তিক ডেইলি ড্যাজলিং ডনের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক দলের জ্যেষ্ঠ নেতাদের বরাত দিয়ে বলা হয়, আনুষ্ঠানিক পদ না থাকায় আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কাজ করতে আগে তার সমস্যা হতো এবং সেই জটিলতা নিরসনেই দীর্ঘদিনের আনুগত্য ও গোপালগঞ্জের শিকড়ের কারণে লন্ডন ও ভারতে থাকা তরুণ নেতাদের টপকে তাকে এই দায়িত্বে আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর এটিই তার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রথম কোনো সুনির্দিষ্ট তারিখের ঘোষণা। তবে জুলাই-আগস্ট ২০২৪-এর অভ্যুত্থানে সংঘটিত সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় শেখ হাসিনার এই প্রস্তাবিত প্রত্যাবর্তন ঘিরে আইনি ও রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে।