ঝালকাঠির নলছিটিতে মানসিক ভারসাম্যহীন এক নারী খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব করেছেন। মঙ্গলবার( ২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় পুত্র সন্তান প্রসব করেন মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারী।
স্থানীয় বাসিন্দা ইমন হাওলাদার জানান, বিগত কয়েকদিন ধরেই ওই নারী দপদপিয়ার জুরকাঠী এলাকায় অবস্থান করেছিলেন। গতকাল শেষ বিকেলে সবার অগোচরে তিনি খোলা আকাশের নিচে কারও সহায়তা ছাড়াই পুত্র সন্তান প্রসব করেন। বিষয়টা আমাদের নজরে আসলে আমরা উপজেলা প্রশাসনকে অবহিত করি।
এদিকে এই খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ ও নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং নবজাতককে সাময়িকভাবে স্থানীয় বাসিন্দা মো. নুরুল আমিনের জিম্মায় রাখা হয়েছে।
এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু বলেন, মানসিক ভারসাম্যহীন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তার পরিবার খোঁজার চেষ্টা করছি। তাদের খোঁজ পেলে সন্তানসহ তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আর না পেলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে আগৈলঝাড়ায় সমাজসেবা অধিদপ্তরের শিশু কেন্দ্রে পাঠানো হবে বলে জানান ইউএনও।