দিল্লির ক্যাফেতে সহকর্মীদের হাতে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রীতবিহার এলাকার একটি ক্যাফেতে ২২ বছর বয়সী এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আরও তিনজন পলাতক রয়েছেন।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই তরুণী ও তার ছয় সহকর্মী প্রথমে একটি ক্যাফেতে একসঙ্গে সময় কাটান। সেখানে তারা মদ্যপান করেন। রাত ২টার দিকে ক্যাফে থেকে বেরিয়ে যান তাঁরা। ওই সাতজন দুটি ভিন্ন ক্যাফেতে কাজ করেন।

পুলিশ জানায়, ক্যাফে থেকে বের হওয়ার পর তরুণী তার মাকে ফোন করে জানান, তিনি মান্দাওয়ালিতে এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন। পরে তার এক পুরুষ বন্ধু তাকেসহ তিন নারীকে মান্দাওয়ালিতে নামিয়ে দেন।

তবে তারা নিজেদের বাসায় না গিয়ে কাছাকাছি প্রীতবিহার থানার আওতাধীন এলাকার আরেকটি ক্যাফেতে যান। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, ওই ক্যাফের চাবি একটি ফুলের টবের নিচে রাখা থাকত বলে জানতেন তরুণী। পরে তিনি সহকর্মীদের নিয়ে ফুলের টবের নিচ থেকে চাবি বের করে বন্ধ ক্যাফেটি খোলেন। সেখানে তারা আবারও মদ্যপান করেন এবং পার্টি করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, তরুণীসহ সাতজনই ওই ক্যাফেতে উপস্থিত ছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে তারা সেখান থেকে বেরিয়ে যান।

কর্মকর্তারা জানান, ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে তরুণী তার আরেক পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে (পিসিআর) ফোন করেন। পরে তাকে থানায় নেওয়া হয় এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়।

তদন্তের সময় তরুণী অভিযোগ করেন, তার দুই পুরুষ সহকর্মী তাকে যৌন নির্যাতন করেছেন। এ সময় দলের অন্য চারজন ঘটনাটি দেখলেও কেউ বাধা দেননি বলে অভিযোগ করেন তিনি।

পুলিশ জানায়, দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বাকি তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস