বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিণ্ডদান অনুষ্ঠানের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হয়েছে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব। বুধবার (২৫ নভেম্বর) সকালে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহার (খ্যংওয়া ক্যং) থেকে তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু হেঁটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হয়ে রাজারমাঠ, উজানীপাড়া ও মধ্যমপাড়াসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা পিণ্ডদান গ্রহণ করেন।
অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সহধর্মিণী মমচিং, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংসহ বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষেরা। এ সময় ভিক্ষুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নগদ টাকা, চাল, ফল, মিষ্টি, মোম ও আগরবাতিসহ বিভিন্ন উপকরণ দান করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
প্রতি বছর মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব শেষে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে মহাপিণ্ডদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কথিত আছে, গৌতম বুদ্ধ খালি পায়ে হেঁটে বিভিন্ন বৌদ্ধপল্লিতে ছোয়াং (খাদ্য) সংগ্রহ করতেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় যুগ যুগ ধরে এ উৎসব পালন করে আসছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাসে থাকার পর দায়ক-দায়িকারা ভিক্ষুদের সম্মানে বৌদ্ধ মন্দিরগুলোতে কঠিন চীবর দানোৎসব পালন করেন। এ উৎসবে ২৪ ঘণ্টার মধ্যে নতুন তুলা থেকে চরকার মাধ্যমে সুতা তৈরি করে ভিক্ষুদের পরিধানের জন্য চীবর কাপড় বোনা হয়। এ কাপড় তৈরিতে কোনো সেলাই করা হয় না।