অ্যাটর্নি জেনারেল

নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, মামলার প্রধান আসামি তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি উঠে এসেছে। তারেক সাঈদের বক্তব্য অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র‍্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।

বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, নারায়ণগঞ্জের সাত খুন দেশের এমন একটি অপরাধ, যা সমাজের প্রত্যেক মানুষকে নাড়া দিয়েছে। মামলার নথিপত্র ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের যে বিবরণ উঠে এসেছে, তা অত্যন্ত ভয়াবহ। প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয়। হত্যার পর মরদেহের পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়, যাতে সেগুলো পানিতে ভেসে না ওঠে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিভিন্ন পর্যায়, কার কী ভূমিকা ছিল এবং কীভাবে পুরো ঘটনা ঘটানো হয়েছে, তা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তাদের বক্তব্যের সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও মিল রয়েছে।

সাত খুন মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে যুক্তি উপস্থাপন করেছেন। শুনানিতে হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশ তুলে ধরার পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের নজরে আনা হয়েছে বলে জানান তিনি।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, হত্যাকাণ্ডের সময় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এ মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাষ্ট্রপক্ষ তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে পড়ে শুনিয়েছে।

তিনি বলেন, আসামিদের জবানবন্দিতে হত্যাকাণ্ডের পরিকল্পনা, অপহরণ, হত্যা এবং মরদেহ নদীতে ফেলে দেওয়ার বিষয়গুলো উঠে এসেছে। প্রথমে পাঁচজনকে আটক করা হয়েছিল। পরে আরও দুজন ঘটনাটি দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয়। তারেক সাঈদের নির্দেশে সাতজনকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহের পেটে ইট ঢুকিয়ে ও বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এসব বক্তব্যের সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও সামঞ্জস্য রয়েছে।

জিয়াউল আহসানের ভূমিকা সম্পর্কে ব্যারিস্টার অনীক আর হক বলেন, তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তৎকালীন র‍্যাব সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনার বিষয়টি উল্লেখ রয়েছে।

তারেক সাঈদের জবানবন্দির উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ২০১৩ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে র‍্যাব-১১-এর কমান্ডিং অফিসার হিসেবে যোগ দেন তারেক সাঈদ। র‍্যাবের অপারেশনাল নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে র‍্যাব সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল জিয়ার অনুমতি নিতে হতো। কোনো ব্যাটালিয়ন কমান্ডিং অফিসারের নিজ উদ্যোগে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তারের এখতিয়ার ছিল না।

জবানবন্দিতে তারেক সাঈদ আরও বলেন, ২০১৪ সালের মার্চে র‍্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত সিও কনফারেন্সে কর্নেল জিয়াউল আহসান তাকে সন্ত্রাসীদের একটি তালিকা দেন। ওই তালিকায় নারায়ণগঞ্জের নজরুল ইসলামের নাম ছিল। নামের পাশে বিশেষ চিহ্ন দিয়ে তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে কোম্পানি কমান্ডারদের সম্মেলনে ওই তালিকার কথা জানিয়ে চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তারেক সাঈদ।

অ্যাটর্নি জেনারেল বলেন, তারেক সাঈদের বক্তব্যে তৎকালীন র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা ও অনুমতির বিষয়টি উঠে এসেছে। সাত খুনের ঘটনায় তার ভূমিকা ও দায়িত্বের বিষয়টিও আসামির জবানবন্দিতে উল্লেখ রয়েছে।

জিয়াউল আহসানকে সাত খুন মামলায় আসামি করা হয়নি কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে এ মামলার বিচার হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ভিন্ন। এ মামলায় জিয়াউল আহসানকে আসামি করা হয়নি, সেটি আলাদা বিষয়। তবে মামলার সাক্ষ্য ও জবানবন্দিতে তার নাম এবং দায়িত্বের বিষয়টি উঠে এসেছে। এ কারণে ইতিমধ্যে সম্পন্ন হওয়া বিচারিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল, এমন কথা বলার সুযোগ নেই।

তিনি আরও বলেন, এ মামলায় হাইকোর্ট বিভাগ ১৫ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে।

দ্রুত বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের অধিকার উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের ব্যস্ততা ও বিভিন্ন বাস্তবতার কারণে অনেক সময় নির্ধারিত সময়ে বিচার শেষ করা সম্ভব হয় না। তবে আলোচিত ও গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয় উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপিল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে চারটি আলোচিত মামলার শুনানি নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাগুলো হলো নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েটের আবরার ফাহাদ হত্যা, মেজর সিনহা হত্যা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলা। এসব মামলার শুনানি ও নিষ্পত্তির মাধ্যমে অপরাধীদের সাজা কার্যকরের বিষয়ে মানুষের প্রত্যাশা পূরণের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাত খুন মামলার আপিল শুনানি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল জানান, বুধবার দিনভর রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবারও মামলাটির শুনানি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপক্ষ মামলার তথ্য-প্রমাণ ও আসামিদের জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের সামনে তুলে ধরবে।