২৮ ছক্কায় ডাবল সেঞ্চুরির পর পাকিস্তানি পেসার বললেন, ‘সূর্যবংশীর বয়স ১৫ বছর নয়’

ক্রিকেটে বয়স নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, তবে অতীতে বেশির ভাগ সময় সেই বিতর্কে পাকিস্তানের নাম জড়ালেও এবার পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ প্রশ্ন তুলেছেন ভারতের বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে। পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ১৫ বছর বয়সী এই ক্রিকেটারের বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেন তানভীর এবং দাবি করেন, তার প্রকৃত বয়স অন্তত ২০ থেকে ২১ বছর।

অফিশিয়াল নথিতে সূর্যবংশীর বয়স ১৫ বছর হলেও ব্যাট হাতে তার সাম্প্রতিক পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছে। দোহায় অনুষ্ঠিত এসিসি এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন সূর্যবংশী; যেখানে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ে ২৫০ রানের লক্ষ্য ভারত ‘এ’ দল মাত্র ১৪.২ ওভারে তাড়া করে ৭ উইকেটে জয়লাভ করে। তবে এমন ইনিংস দেখেও প্রশংসার বদলে সন্দেহই প্রকাশ করেছেন তানভীর আহমেদ।

পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ বলেন, ‘ওর বয়স ১৫ বছর নয়। অন্তত ২০-২১ বছর হবে। ও যতই প্রতিভাবান হোক, ১৫ বছরের কোনো ছেলের পক্ষে ২৮টি ছক্কা মারা সম্ভব নয়।’ সূর্যবংশীর শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘ও এভাবে ছক্কা মারতে পারে না। ১৫ বছরের একটা ছেলের শারীরিক গঠন এত শক্তিশালী হতে পারে না। ওর কাঁধে এত শক্তি থাকার কথা নয়। আমি বিশ্বাস করি না, ওর বয়স ১৫ বছর।’ অনুষ্ঠানের আরেক সঞ্চালক সূর্যবংশীর বয়স পরীক্ষা করার প্রস্তাব দিলে তানভীর সংক্ষিপ্ত উত্তরে বলেন, ‘হ্যাঁ, পরীক্ষা করা হোক।’

সূর্যবংশীর বয়স নিয়ে বিতর্ক অবশ্য এবারই প্রথম নয়। সরকারি নথি অনুযায়ী তার জন্মতারিখ ২৭ মার্চ ২০১১, সে হিসাবে ২০২৩ সালে তার বয়স হওয়ার কথা ১২ বছর। কিন্তু ২০২৩ সালে স্থানীয় একটি হিন্দি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বয়সসংক্রান্ত প্রশ্নের জবাবে সূর্যবংশী বলেছিলেন যে ওই বছরের ২৭ সেপ্টেম্বর তার বয়স ১৪ বছর হবে। সরকারি জন্মতারিখের সঙ্গে এই বক্তব্যের অসামঞ্জস্য দেখা দেওয়ায় সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই প্রথম বড় বিতর্ক তৈরি হয়।

পরবর্তী সময়ে ২০২৪ সালের ৫ জানুয়ারি মুম্বাইয়ের বিপক্ষে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় সূর্যবংশীর, যখন কাগজকলমে তার বয়স ছিল ১২ বছর ২৮৪ দিন। ওই অভিষেকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও বয়স নিয়ে প্রশ্ন ওঠে এবং সমালোচকেরা ২০২৩ সালের সেই পুরোনো সাক্ষাৎকারের ভিডিও সামনে এনে দাবি করেন যে সরকারি নথির চেয়ে তার প্রকৃত বয়স বেশি।

এসব অভিযোগের জবাবে সূর্যবংশীর বাবা সঞ্জীব সূর্যবংশী সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ছেলের বয়স নিয়ে তাদের কোনো ভয় নেই এবং সে বিসিসিআইয়ের বয়স পরীক্ষাতেও অংশ নিয়েছে। সঞ্জীব সূর্যবংশীর ভাষায়, ‘ওর বয়স যখন সাড়ে আট বছর, তখনই প্রথম বিসিসিআইয়ের বোন টেস্ট দিয়েছিল। সে এরই মধ্যে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছে। আমরা কাউকে ভয় পাই না। প্রয়োজন হলে আবারও বয়স পরীক্ষা দিতে পারে।’