নতুন পরিচয়ে ফিরছেন বুবলী

সম্প্রতি পর্দায় অভিনয়ে কিছুটা অনিয়মিত থাকলেও ক্যামেরার পেছনে ঠিকই ব্যস্ত সময় পার করছিলেন শবনম বুবলী। আর সেই ব্যস্ততার সুফলও মিলল হাতেনাতে। প্রযোজক হিসেবে যাত্রা শুরু করে বুবলীর প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’ নির্মাণ করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’। তাহসিন রিফাতের চিত্রনাট্য ও মুরসালিন সরকারের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি জায়গা করে নিয়েছে আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে।

এবার দিলেন আরও এক সুখবর। আরও এক নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছেন বুবলী। এর আগে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এবার সরাসরি সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন এই অভিনেত্রী। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করবেন বুবলী।

সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গানটি নিয়ে বুবলীর সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। গান গাওয়ার প্রস্তাবে সম্মতিও দিয়েছেন অভিনেত্রী। কবির বকুলের লেখা গানটির রেকর্ডিং আগামী ডিসেম্বরে করার পরিকল্পনা রয়েছে।

বুবলীকে দিয়ে প্লেব্যাক করানোর ভাবনা কীভাবে এলো এ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘সিনেমায় বেশ কিছু রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর বেশ ভালো লাগে। তখনই তাকে গানগুলোতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিই। এর আগে আমার “মাতৃত্ব” সিনেমার রিচুয়াল গানে মৌসুমী কণ্ঠ দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই মনে হলো বুবলীর কণ্ঠে গানগুলো ভালো লাগবে।’

নির্মাতা আরও জানান, রিচুয়াল গানের পাশাপাশি বুবলীকে দিয়ে একটি পূর্ণাঙ্গ মৌলিক গান করানোর পরিকল্পনাও করেন তিনি। সেই প্রস্তাবে বুবলী সম্মতি দিয়েছেন। গান তৈরির কাজ প্রায় শেষ। আগামী ডিসেম্বরে তার কণ্ঠে গানটি রেকর্ড করার কথা রয়েছে।

পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। এটি মূলত প্রেমের গল্পের সিনেমা। দুজন মানুষের সম্পর্কের মধ্য দিয়ে উঠে আসবে পুরান ঢাকার ঐতিহ্য ও জীবনযাপন। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এটি এই জুটির চতুর্থ সিনেমা। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।

মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে গত জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। পরিচালক জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় শুরু হতে যাওয়া নতুন লটের শুটিংয়ের মধ্য দিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরবেন তিনি।