মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তহুরা খাতুন (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন এবং দুপক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সোনাপুর গ্রামের ইসলাম মহালদার ও তার চাচাতো ভাই হানিফ মহালদারের পরিবারের মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ইসলাম মহালদার বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করলে হানিফ মহালদারের পরিবারের সদস্যরা তাতে বাধা দেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রথমে তর্ক এবং পরে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের সময় দুপক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এ সময় মারামারি থামাতে গিয়ে পরিবারের নারী সদস্যরাও আহত হন। ধারালো অস্ত্রের আঘাতে হানিফ মহালদারের মা তহুরা খাতুনসহ উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে হানিফ মহালদার ও তার ভাই আব্দুর রহমান মহালদারকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়ে মেহেরপুরের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া সুলতানা ও মুজিবনগর থানার ওসি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জাকিয়া সুলতানা জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি জমিজমার বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে এক নারীর মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ। তদন্তপূর্বক এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।