অর্ধকোটি টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ

যশোরের নওয়াপাড়ায় অর্ধকোটি টাকা মূল্যের চোরাই সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌ-বন্দরের বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এ গম জব্দ করা হয়।

আটকরা হলেন, জাহাজের সুকানি মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষীপুর গ্রামের শহিদুজ্জামান শেখের ছেলে আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের পিকুল মোল্লার ছেলে মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের খলিল মিয়ার ছেলে রায়হান উদ্দিন ও নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে খালিদ হাসান।

এসআরবি জানায়, মঙ্গলবার বাগেরহাটের মোংলা হারবারিয়া থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ রাত ৩টার দিকে নওয়াপাড়ার নৌ-বন্দরে আসে। জাহাজটি বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন এলাকার রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ‘মেসার্স পানামা ট্রেডার্সে’র মালিকানাধীন এমভি সূর্যবানু ১১ নামক কার্গো জাহাজটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোট ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন গম এবং কার্গো জাহাজটি জব্দ করা হয়। এছাড়া জাহাজের দুই সুকানিসহ ৫ জনকে আটক করা হয়েছে।

এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, জব্দ করা গমের আনুমানিক বাজার মূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। এই ঘটনায় আটক ৫ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।