জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ চিহ্নিত করে সেগুলো অধিকতর তদন্তের সুপারিশ করেছে কমিটি।
এক দফা সময় বাড়ানোর পর বুধবার (২৫ নভেম্বর) সকালে ১৫ থেকে ২০ পৃষ্ঠার সিলগালা করা তদন্ত প্রতিবেদনটি ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। বেলা ১১টার দিকে প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পৌঁছায় বলে জানা গেছে।
তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিটির সদস্যরা বৈঠকের মাধ্যমে প্রতিবেদন চূড়ান্ত করে সিলগালা অবস্থায় ঢাকায় পাঠিয়েছেন। তবে গোপনীয়তার স্বার্থে প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
কমিটির অন্য তিন সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
তদন্ত সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কমিটি আগুনের প্রকৃত কারণ বা সূত্রপাত সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে না পারায় ঘটনাটির ‘অধিকতর তদন্তের’ সুপারিশ করেছে।
তদন্তসংশ্লিষ্ট একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ঘরের ভেতরে সিগারেট বা কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ঘরের পুরোনো বৈদ্যুতিক তার থেকেও আগুন লাগার আশঙ্কা আছে। সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ বিশ্লেষণ করে সেগুলো অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে।
পেট্রলবোমা থেকে আগুন লাগার সম্ভাবনা খুবই কম দাবি করে তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, প্রতিবেদনে এ বিষয়ও উল্লেখ করা হয়েছে। দুদফা তদন্তকালে তারা পেট্রোলবোমা থেকে আগুন লাগার কোনো তথ্য প্রমাণ পাননি।
তদন্তকালীন কমিটির সদস্যরা ওই বাড়ির বাসিন্দা এবং আশপাশের এলাকার বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর দীর্ঘ বক্তব্য গ্রহণ করেন। তাদের দেওয়া তথ্য ও পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করেই সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করা হয়েছে।
১১ নভেম্বর বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এমপি ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা–কর্মীদের আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন তিনি।
পরে ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে। শুরুতে কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও ১৬ নভেম্বর থেকে আরও সাত কার্যদিবস সময় বাড়ানো হয়। বর্ধিত সেই সময়সীমার শেষ দিন ছিল মঙ্গলবার (২৪ নভেম্বর)।