স্বামীর সঙ্গে ‘সম্পর্কের সন্দেহে’ তরুণীকে বেধড়ক মারধর, স্ত্রী গ্রেপ্তার

পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে বাড়ির আঙিনায় বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর রুবিনা বেগম (১৯) আরেক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) থানায় মামলা রুজ্জু হওয়ার পর রুবিনাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রুবিনা উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারী পাড়ার আসিফের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত রোববার বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারীপাড়ায় ওই তরুণীকে মারধরের ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলে ওই তরুণী তার ভাবির সঙ্গে নিজ বাড়ির সামনে বসে গল্প করছিলো। আসিফের স্ত্রী রুবিনা ও মা এসে ওই তরুণীর সঙ্গে ঝগড়া শুরু করে। ঝগড়ার এক পর্যায়ে ওই তরুণীকে টেনেহিঁচড়ে বাড়ির ভেতরে নিয়ে আঙিনা বেধড়ক মারধর করে। এসময় মেয়েটি তাদের হাত-পা ধরে আকুতি জানালেও তারা থামেনি। 

পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

পরিবারের ধারণা, মারধরের শিকার তরুণীর সঙ্গে আসিফের পরকীয়ার সন্দেহের জেরে এই মারধরের ঘটনা ঘটে।

এ বিষয়ে আসিফ গণমাধ্যমকে বলেন, মেয়েটির সঙ্গে আমি কোনোদিন ফোনেও কথা বলিনি, কেউ প্রমাণ দিতে পারবে না। আমি অনলাইন জুয়া খেলে অনেক টাকা নষ্ট করেছি। পরিবারে খরচ ঠিকমতো দিতে পারি না, তাই হয়তো আমার পরিবারের লোকজন তাকে আমার সঙ্গে সম্পর্কের বিষয়ে সন্দেহ করে মারধর করেছে। আমি ওই মেয়েকে কখনোই খারাপ চোখে দেখিনি, সে সম্পর্কে আমার ভাতিজি।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাইজুল্লাহ বিপু বলেন, মেয়েটি আমাদের হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সময় তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন পাওয়া গেছে। মেয়েটির ভাষ্যমতে, তাকে মারধর করা হয়েছে। মানসিকভাবে ভেঙে পড়েছে মেয়েটি, তাকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়েছে।

ডোমার থানা ওসি ফেরদৌস আলম সরকার বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি রুবিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।