আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণায় ব্যর্থতা চ্যালেঞ্জ করে রিট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়েছে।

রিটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জের পাশাপাশি আওয়ামী লীগের সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার ব্যর্থতার বিষয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

গত ১৮ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশ পাঠান। ওই সময় রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি প্রতিরোধ এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রাখার কথা উল্লেখ করে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে নোটিশে জানানো হয়।

মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের প্রাপক করা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে ওই নোটিশটি পাঠানো হয়েছে।