‘আত্মসমর্পণ করতে চাই কিন্তু নিরাপত্তা শঙ্কায় আছি’—পুলিশের সাথে ফোনালাপে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান

যাকে ধরতে গলদঘর্ম চট্টগ্রামের পুলিশ, সেই ‘অধরা সন্ত্রাসী’ রায়হান এবার পুলিশের কাছে আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করেছেন। তবে আত্মসমর্পণের পর নিজের নিরাপত্তা এবং ভবিষ্যতে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নতুন মামলায় জড়ানোর আশঙ্কা রয়েছে তিনি।

এসব উদ্বেগ জানিয়ে বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী-ফটিকছড়ি সার্কেল) কাজী মো. তারেক আজিজকে হোয়াটসঅ্যাপে কল করেন তিনি।

রায়হান ও ওই পুলিশ কর্মকর্তার ৯ মিনিট ৫২ সেকেন্ডের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে রায়হানকে আত্মসমর্পণের আগ্রহ প্রকাশের পাশাপাশি নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানাতে শোনা যায়।

এসময় রায়হান আত্মসমর্পণ করলে তার নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দেন তারেক আজিজ। যত দিন তিনি দায়িত্বে থাকবেন, তত দিন রায়হানের কোনো সমস্যা হবে না বলেও জানান। এমনকি তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বাইরে নতুন করে কোনো মামলা দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন।

একপর্যায়ে তারেক আজিজ বলেন, ‘আপনি আসেন, আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। আপনার আত্মসমর্পণের ব্যবস্থা করব। সমস্যা নেই।’

তখন রায়হান বলেন, “আচ্ছা, আচ্ছা, ঠিক আছে—আমি চিন্তা করে দেখব। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমিও চাই। ভালো হয়ে যাব। একটু সময় লাগতেছে…

রায়হান বলেন, আত্মসমর্পণ করব ভাই, আমার ইচ্ছা আছে আত্মসমর্পণ করার, কিন্তু মাঝখানে আমি আত্মসমর্পণ করতে চাইছিলাম। কিন্তু ওই মাসুদ স্যারের সাথে কথা বলছিলাম যে…এটা লিক হয়ে গেছে। পরে ভাই আমার থেকে আর্মস টার্সন নিয়ে ফেলেছিল। ঝামেলা হইছে আমার সাথে অনেক।

আত্মসমর্পণের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কার কথাও জানান রায়হান। তিনি বলেন, ‘এখন ঢুকলে ভাই, বাইরেতে পারব না। আট-দশ বছর আমাকে বাইরে হতে দেবে না কেউ। বিএনপি আসলে বিএনপি মামলা দেবে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ মামলা দেবে। আমি কোন পথে যামু?’

জবাবে পুলিশ কর্মকর্তা তাকে আশ্বস্ত করে বলেন, আগে থেকে থাকা মামলাগুলোর বাইরে নতুন কোনো মামলায় তাকে জড়ানো হবে না। নিরাপদে আত্মসমর্পণের ব্যবস্থাও করা হবে। একই সঙ্গে সেদিনই পুলিশের কাছে আসার জন্য তাকে কয়েকবার অনুরোধ করেন তিনি।

তবে রায়হান জানান, তিনি ফটিকছড়ি থেকে অনেক দূরে রয়েছেন। এ কারণে সেদিন তার পক্ষে পুলিশের কাছে যাওয়া সম্ভব নয়। পরে বিষয়টি ভেবে দেখবেন বলে জানান তিনি।

ফোনালাপে ফটিকছড়িতে গুলির ঘটনার প্রসঙ্গও তোলেন রায়হান। তিনি দাবি করেন, ঘটনার দিন মাজারে জিয়ারত করতে যাওয়ার পথে কীভাবে গুলির ঘটনা ঘটেছে, তা তিনি নিজেও জানেন না। কারও সঙ্গে তার ব্যক্তিগত বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।

গুলির ঘটনায় তিনজনের গুরুতর আহত হওয়ার প্রসঙ্গ তুলে রায়হান বলেন, তাদের কেন রাস্তায় আটকানোর চেষ্টা করা হলো, তা তিনি বুঝতে পারছেন না। তার সঙ্গে আগে কাজ করা কাদের নামের এক ব্যক্তির ওপর গুলির ঘটনার কথাও উল্লেখ করেন তিনি।

একপর্যায়ে পুলিশ কর্মকর্তা তাকে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দেওয়ার কথা বলেন। আত্মসমর্পণ করলে নিরাপত্তার ব্যবস্থা করা হবে জানিয়ে ওই দিনই দেখা করতে এবং একসঙ্গে বসে নাশতা করার আমন্ত্রণ জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ফোনালাপের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, 'ভোরবেলা সড়ক অবরোধের সময় আমাদের অভিযান চলছিল। তখন সে আত্মসমর্পণের কথা বলছিল। আমরা বিষয়টি শুনেছি। তাকে গ্রেপ্তারের পাশাপাশি আত্মসমর্পণের প্রক্রিয়ায় আনারও চেষ্টা করছি।'

রায়হানের আত্মসমর্পণের আগ্রহ কতটা বিশ্বাসযোগ্য—জানতে চাইলে তিনি বলেন, কাউকে বিশ্বাস করা যাবে না, এই নীতিতে থাকতে হবে। আমরা আমাদের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। যেভাবে সফল হওয়া যায়, সেভাবেই চেষ্টা করছি।

রায়হান আত্মসমর্পণ করতে চাইলে পুলিশ সহযোগিতা করবে কি না, জানতে চাইলে কাজী মো. তারেক আজিজ বলেন, যেভাবেই হোক, তাকে আইনের আওতায় আসতে হবে, গ্রেপ্তারের মাধ্যমে অথবা আত্মসমর্পণের মাধ্যমে।

পুলিশের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা তো গ্রেপ্তারের চেষ্টা চালিয়েই যাচ্ছি।

ফোনালাপে রায়হান গুলির ঘটনায় আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়ার কথা বলছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, পুলিশের অভিযান পরিচালনার ক্ষেত্রে সব দিক থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ কাজে সমাজের সবার সহযোগিতা প্রয়োজন হলেও সবাইকে একেবারে বিশ্বাস করা যাচ্ছে না।