লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে প্রকৃত ‘সোনার বার’ হিসেবে বিক্রির চেষ্টাকালে রাজশাহীতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় চার কেজি ওজনের ৪১টি নকল সোনার বার উদ্ধার করা হয়, যা পরীক্ষার পর ভেতরে লোহা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে রাজশাহী নগরের কর্ণহার থানার কৈকুড়ি মোড়-সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা- হলেন মাদারীপুরের শিবচর উপজেলার মনিরুজ্জামান ফকির (৩৪) ও মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাহিদ হোসেন (২৮)।
পুলিশ জানায়, গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চেকপোস্টে থামানো হলে তিনজন যাত্রীর মধ্যে একজন কৌশলে পালিয়ে যান। পরে বাকি দুজনের দেহ তল্লাশি করে মনিরুজ্জামানের কাঁধে থাকা একটি স্কুলব্যাগ থেকে খবরের কাগজ ও স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে থাকা কাগজের বাক্স থেকে ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তু পাওয়া যায়।
উদ্ধারের পর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে বস্তুগুলো পরীক্ষা করা হলে ওপরের সোনালি প্রলেপের নিচে লোহার বার থাকার বিষয়টি ধরা পড়ে। উদ্ধার হওয়া বারগুলোর মোট ওজন প্রায় চার কেজি; পাশাপাশি তাদের কাছ থেকে দুটি মুঠোফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ এবং নগদ ৩ হাজার ১৭৪ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, পলাতক আরও একজনের সঙ্গে যোগসাজশে তারা দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে সোনার বারের মতো বস্তু তৈরি করতেন। পরে সেগুলো প্রকৃত স্বর্ণ বলে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। জাহিদ হোসেন জানান, মনিরুজ্জামান তাকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় মামলা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, গ্রেপ্তার দুজনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।