দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের মাঠের ভেতর দিয়ে রাস্তা নির্মাণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং বিদ্যালয়ের দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি থাকা নিয়ে অভিযোগের জেরে বুধবার (২৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানীর মধ্যস্থতায় কক্ষের তালা খোলা হয়।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশেই বিষ্টমণ্ডলের হাট থাকায় পেঁয়াজের মৌসুমে যানবাহন চলাচলের সুবিধার্থে বিদ্যালয়ের পকেট গেট ভেঙে মাঠের ভেতর দিয়ে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন হাটসংশ্লিষ্টরা। এ নিয়ে প্রধান শিক্ষিকা আমিনা খাতুনের সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির ও হাট কমিটির সভাপতি এনামুল হকের বিরোধ চলছিল।

প্রশাসনের লিখিত অনুমতি না থাকায় রেজল্যুশন না করায় আগের দিন মঙ্গলবার এনামুল হকের সঙ্গে প্রধান শিক্ষিকার কথা-কাটাকাটি হয়। প্রধান শিক্ষিকার অভিযোগ, সাদা চুন দিয়ে ঢাকা আগের ছবিটি দৃশ্যমান করে রাস্তা নির্মাণের বিরোধের জেরে তাঁকে হয়রানি করতে এ ঘটনা ঘটানো হয়েছে এবং তাঁর কক্ষে তালা দেওয়া হয়েছে।

অন্যদিকে পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক দাবি করেন, দেয়ালে নতুন করে ছবিটি আঁকা হয়েছে এবং প্রধান শিক্ষিকা কথা না শোনায় তার লোকজন কক্ষে তালা ঝুলিয়েছে। তবে সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী জানান, দেয়ালের ছবিটি পুরোনো এবং মাঠ দিয়ে রাস্তা বা হাট সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাঘার ইউএনও তকী ফয়সাল তালুকদার জানিয়েছেন, রাস্তা নির্মাণ ও দেয়ালের ছবি—উভয় বিষয়েই অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।