দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে টানা দুই দফা দাম বাড়ার পর স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।

বাজুসের ঘোষণা অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) সকালে নতুন দাম নির্ধারণ করা হয়। সেই দামেই আজ বৃহস্পতিবার  দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। 

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।