বায়ুদূষণের ভয়াবহতা বাড়ছে রাজধানী ঢাকায়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। শহরটির বায়ুর মান সূচক (একিউআই) ২৩৯, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় এ তথ্য উঠে আসে।
তালিকায় প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটির একিউআই স্কোর ৩৬২। তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা, স্কোর ২২৬। ২২৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।
এ ছাড়া ২১৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আফগানিস্তানের কাবুল এবং ১৮১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এসব শহরের বাতাসও স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য করাচির বাতাস অস্বাস্থ্যকর।
দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের বায়ুমান সূচক ৯৯ থেকে ১৭০-এর মধ্যে রয়েছে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর সাধারণভাবে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাইরে চলাচল সীমিত রাখা এবং সম্ভব হলে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই সঙ্গে অন্যদেরও বাইরের শারীরিক কার্যক্রম কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়।