ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপদ আশ্রয়েও রক্ষা পায়নি শিশুরা। বরং ধর্মযাজকদের প্রতি মানুষের আস্থাকে কাজে লাগিয়ে বছরের পর বছর শিশু-কিশোরদের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে জার্মানির ক্যাথলিক গির্জার বিরুদ্ধে। নতুন এক গবেষণায় ১৯৪৬ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশটির ট্রিয়ার ক্যাথলিক ডায়োসিসে প্রায় ৮০০ শিশু ও কিশোর যৌন নির্যাতনের শিকার হওয়ার তথ্য উঠে এসেছে।
এ ঘটনায় ২৫০ জনের বেশি ধর্মযাজক ও সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছেন গবেষকরা।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন ট্রিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের মতে, এই সংখ্যা কেবল প্রকাশ্যে আসা ও নথিভুক্ত ঘটনার হিসাব। ভয়, লজ্জা ও সামাজিক চাপের কারণে যারা নির্যাতনের কথা প্রকাশ করেননি, তাদের সংখ্যা এখনো অজানা।
গবেষণায় দেখা গেছে, অধিকাংশ নির্যাতনের ঘটনা ঘটেছে ধর্মযাজকদের আবাসিক ভবন, গির্জা, প্রার্থনাকক্ষ, গির্জা পরিচালিত ছাত্রাবাস ও আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে। কয়েকজন ধর্মযাজক শিশুদের কাছে যাওয়ার সুযোগ নিতে স্বীকারোক্তি গ্রহণের ধর্মীয় রীতিও ব্যবহার করেছেন। অন্তত ২০টি ঘটনায় ভুক্তভোগীদের নিজেদের বাড়িতে যৌন নির্যাতন করা হয়েছে।
গবেষকদের মতে, ক্যাথলিক সম্প্রদায়ের মানুষের মধ্যে ধর্মযাজকদের প্রতি গভীর আস্থা এবং পরিবারের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে শিশুরা নির্যাতনের কথা প্রকাশ করতে পারেনি। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের নিজেদের পরিবারও নীরব থাকার জন্য চাপ দিয়েছে। ফলে বছরের পর বছর আড়ালে থেকে গেছে এসব অপরাধ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গির্জার কয়েকজন শীর্ষ কর্মকর্তা নির্যাতনের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং অভিযুক্ত ব্যক্তিদের সুরক্ষা দিয়েছেন।
ভুক্তভোগীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন মিসবিট জানিয়েছে, চূড়ান্ত প্রতিবেদনে নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে গির্জার কর্মকর্তাদের ভূমিকা এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি স্পষ্ট হয়েছে।
সংগঠনটির দাবি, ২০২১ সালের পরও নির্যাতনের ঘটনা বন্ধ হয়নি। তাই ভুক্তভোগীদের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রকৃত জবাবদিহি প্রতিষ্ঠার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সুত্রঃ আনাদুলু