মাদারীপুরে পারিবারিক কলহে মারামারিতে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর নাগরদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া শেখ (৪০) একই এলাকার আয়নাল শেখের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহ নিয়ে দুপুরে তারা মিয়া শেখ ও তার স্ত্রী খাদিজা বেগমের মধ্যে কাটাকাটি হয়। পরে হাতাহাতি ও দুজনে মারামারি শুরু করেন। একপর্যায়ে খাদিজা তার স্বামী তারা মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।
পরে তারা মিয়াকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
এ বিষয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। আটক খাদিজা আহত হওয়ায় তাকেও চিকিৎসা দেওয়া হয়েছে।