নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবীবিষয়ক সহসম্পাদক। অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান ভেতরে থাকা লোকজন। তারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।
ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। মোবাইল ফোনে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছেন তিনি।
ফাহিম রহমান খান পাঠান বলেন, 'অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররাই ঘটিয়েছে। এই অবস্থায় রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।'
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।