রামদা শান দিয়ে ভাইরাল সেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আটক

নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাব্বাব হক সাবুকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নাটোর শহর থেকে তাকে আটক করা হয়। সাব্বাব হক সাবু উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহন গ্রামের হেদায়েতুল হক ফরহাদের ছেলে। তার নামে একাধিক মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সহযোগীদের নিয়ে সাব্বাব হক সাবু বিভিন্ন ধারালো অস্ত্র শান দিচ্ছেন এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া মাদক বিক্রির বিষয়ে একাধিক ব্যাক্তির সঙ্গে কথোপকথনের অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। সর্বশেষ সেই ঘটনায় ভাইরাল সাবুকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য আটকের তথ্য জানায় পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সাব্বাব হক সাবু নাটোর শহর এলাকায় ঘোরাঘুরি করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নজরুল ইসলাম বলেন, তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর বলেন, সাব্বাব হক সাবু জোনাইল ইউপি নির্বাচনে দলীয় মনোনায়ন নেওয়ার জন্য চেষ্টা করছিলেন। তবে বিএনপিতে তার কোনো পদ নেই।