আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি জেলেদের মধ্যে আরও ৪১ জনকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাফ নদীর শূন্যরেখা থেকে তাদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে বিজিবির একটি প্রতিনিধিদল। এ নিয়ে চলতি বছরে বিজিবির উদ্যোগে মিয়ানমার থেকে ৩২৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হলো।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেই আরাকান আর্মির হাতে আটক হন অনেক জেলে। পরে মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকা ও কারাগারে তাদের আটকে রাখা হয়।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার আরও ৪১ জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বিজিবি সূত্র জানায়, দেশে ফিরিয়ে আনা জেলেদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই চলছে। পরিচয় নিশ্চিতের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশি নৌকাসহ ৪৩৪ জন জেলেকে আটক করেছিল আরাকান আর্মি। তাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা ছিলেন। পরে বিজিবির উদ্যোগে কয়েক দফায় ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি ও ১৯১ জন রোহিঙ্গা ছিলেন।

এর আগে গত ১৯ আগস্ট আরাকান আর্মির কাছ থেকে ২৪ জন জেলেকে ফিরিয়ে আনা হয়ে। তাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি নাগরিক এবং আটজন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন।

বিজিবির তথ্য মতে, বৃহস্পতিবার ফিরিয়ে আনা ৪১ জনসহ চলতি ২০২৬ সালে এ পর্যন্ত মোট ৩২৩ জন আটক জেলেকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সেখানে আটক থাকা বাকি জেলেদের নিরাপদে ফেরাতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।