বাগেরহাট

সরকারি স্কুলের ক্লাসরুমে শিক্ষিকার সংসার, বসার বেঞ্চকে বানানো হলো আসবাবপত্র

মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের চৌরিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও সরকারি মালামাল দখল করে দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে স্বামী ও সন্তান নিয়ে বসবাস করার গুরুতর অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, শুধু কক্ষ দখল করে বসবাসই নয়, কোমলমতি শিক্ষার্থীদের বসার সরকারি বেঞ্চ, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র ব্যবহার করে ওই শিক্ষিকা নিজের শোবার ঘর, খাবার ঘর ও রান্নাঘরসহ নানা স্থাপনা গড়ে তুলেছেন।

এমনকি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত ওয়াশরুমটিও ওই শিক্ষক দম্পতির দখলে রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। স্কুল ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে এমন অনিয়ম চলে আসলেও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ও পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, অভিযুক্ত ওই শিক্ষিকার নাম আফরোজা বুলবুল। তিনি চৌরিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। ১৯৯৭ সালের ১০ মে তিনি সহকারী নারী শিক্ষিকা হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। তার বাবার বাড়ি পার্শ্ববর্তী পেড়িখালী ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রামে। চাকরি সূত্রে খুলনার নিরালা নাজিরঘাট এলাকার আমিনুল হকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে তিনজন সন্তানও রয়েছে।

এলাকাবাসী ও ছাত্র/ছাত্রীদের অভিভাবকরা জানান, কর্মজীবনের শুরুতে তিনি বিভিন্ন বিদ্যালয়ে চাকরি করলেও ২০১২ সালের শুরুর দিকে চৌরিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং সে সময় থেকেই মোংলায় বসবাস শুরু করেন।

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের তৎকালীন সভাপতি সম্পর্কে তার জামাই (নিকট আত্মীয়) হওয়ায় সেই পারিবারিক ও প্রভাব খাটিয়ে তিনি কৌশলে স্কুল ভবনের দুটি কক্ষ দখলে নেন। এরপর থেকেই স্বামী ও সন্তানদের নিয়ে স্কুল ভবনের ভেতরেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন সহকারী শিক্ষিকা আফরোজা বুলবুল।

স্থানীয়দের দাবি, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পড়াশোনা ও স্বাভাবিক কার্যক্রমের পরিবেশ নষ্ট করে বিদ্যালয়ের সরকারি বেঞ্চ, চেয়ার-টেবিল ও অন্যান্য মালামাল ব্যবহার করে তিনি থাকার ঘর, শোয়ার খাট, খাবার টেবিল, রান্নাঘর এবং ব্যক্তিগত মালামাল রাখার জায়গা তৈরি করেছেন। সরকারি সম্পদ ও শিক্ষার্থীদের আসবাবপত্র ব্যক্তিগত কাজে ব্যবহারের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়েছে।

পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারের ওয়াশরুমটিও দীর্ঘদিন ধরে ওই শিক্ষক দম্পতি ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে, যা শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ের দিকে স্থানীয়রা একবার তাকে স্কুল ভবন থেকে নামিয়ে দিয়েছিলেন। কিন্তু প্রায় ছয় মাসের ব্যবধানে ২০২৪ সালের ৫ আগস্টের পর ক্ষমতার দাপট দেখিয়ে তিনি আবারও বিদ্যালয়ের ওই কক্ষগুলো দখল করে বসবাস শুরু করেন।

অভিযোগ রয়েছে, সে সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি কক্ষ থেকে নিজের মালামাল বা আসবাবপত্র নামাতে দেননি। ফলে দীর্ঘদিনের সেই দখলদারিত্ব ও অনিয়মের ধারা নতুন করে বহাল রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা আফরোজা বুলবুলের দাবি, তার স্কুল ভবনে বসবাসের বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রহিম ও শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস ও ক্লাস্টার কর্মকর্তা ললোন কুমার মন্ডল সহ সংশ্লিষ্ট সবাই অবগত।

অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার দাপট, প্রভাব এবং নানা সমীকরণের ভয়ে এতোদিন বিষয়টি গোপন রাখা হয়েছে কিংবা এড়িয়ে যাওয়া হয়েছে। তবে সরকারি বিদ্যালয়ের কক্ষ দখল, শিক্ষার্থীদের ওয়াশরুম ব্যবহার এবং সরকারি আসবাবপত্র দিয়ে ব্যক্তিগত স্থাপনা তৈরির মতো দীর্ঘদিনের এই অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা।

ঘটনার বিষয় সম্পূর্ণ অস্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ওয়াশরুম কিংবা কোনো ধরনের সরকারি সম্পদ ব্যক্তিগত বসবাস বা পারিবারিক কাজে ব্যবহার করার বিন্দুমাত্র সুযোগ নেই। দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটে থাকলে তা অত্যন্ত গুরুতর অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থী কাজ। বিষয়টি আমাদের নজরে এসেছে। সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ওয়াশরুম কিংবা কোনো ধরনের সরকারি সম্পদ ব্যক্তিগত বসবাস বা পারিবারিক কাজে ব্যবহার করার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চলে থাকলে তা অত্যন্ত দুঃখজনক ও বেআইনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মোংলা পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের ৭১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩৫০ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। কিন্তু এসব স্কুলে শিক্ষার মান এবং পরিবেশ অনেকটাই নাজুক বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।