নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য অভিনেতা ও নাট্যজন মামুনুর রশীদ। কয়েকদিন ধরে আইসিইউ-তে থাকা এই অভিনেতার হাসপাতালও পরিবর্তন করা হয়েছে। তার বোন আফিয়া খান জানিয়েছেন, মামুনুর রশীদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনই তাকে কেবিনে স্থানান্তরের মতো পরিস্থিতি তৈরি হয়নি।
গণমাধ্যমকে মামুনুর রশীদের বোন জানিয়েছেন, আগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনুর রশীদের অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে গিয়েছিল। অক্সিজেন সাপোর্ট দেওয়ার পরও তা ৮০ শতাংশে নেমে আসে। পরে রাজধানীর অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
আফিয়া খান বলেন, ‘আগের হাসপাতালে থাকতে ভাইয়ের অক্সিজেন লেভেল অনেক কমে গিয়েছিল। অক্সিজেন দেওয়ার পরও ৮০ শতাংশ ছিল। এখন অন্য হাসপাতালে এনেছি। এখানে আল্লাহর রহমতে অক্সিজেন চলছে এবং তার অক্সিজেন স্যাচুরেশনও বাড়ছে। আজ সকালে শুনেছি, ৯৮ শতাংশ।’
হাসপাতাল পরিবর্তনের কারণ জানিয়ে তিনি জানান, আগের হাসপাতালে একই ওয়ার্ডে একাধিক রোগী থাকায় মামুনুর রশীদ সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। পরে চিকিৎসকদের একটি বোর্ড বসে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে। দিনভর আলোচনা শেষে রাতে তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
অভিনেতার বোন আরও জানান, মামুনুর রশীদের ফুসফুসের অবস্থা আগে বেশ খারাপ ছিল। তবে নতুন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা এখন কিছুটা উন্নতির কথা বলছেন। যদিও কবে তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হবে, সে বিষয়ে এখনো কিছু জানাননি তারা। আপাতত আইসিইউতেই রাখা হচ্ছে তাকে।
অভিনেতার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।