টাকার অভাবে বন্ধ জুলাই আন্দোলনে আহত প্রান্তের চিকিৎসা, প্রয়োজন ২৫ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর পল্টন এলাকায় আহত হয়েছিলেন আল মিহাত মোসলেম প্রান্ত। তখন তিনি ছিলেন রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। আন্দোলনে আহত হওয়ার পর বাম পায়ের গোড়ালির কাছে গুরুতর ক্ষতি হয় তার। সেখানকার মাংস সাদা হয়ে গেছে। এর প্রেক্ষিতে শরীরে পেটের যক্ষ্মা (অ্যাবডমিনাল টিবি)সহ আরও নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া প্রয়োজন। রাজধানীর হাতিরপুলের বাসায় অসুস্থ অবস্থায় দিন কাটছে তার। কিন্তু অর্থাভাবে সেই চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না পরিবারের সদস্যরা। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২৫ লাখ টাকা।

প্রান্তের জীবনের গল্পটা আরও কঠিন। ২০২১ সালে তার বাবা মারা যান। এরপর পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে যে অর্থ উপার্জন করতেন, তা দিয়েই চলত সংসারের খরচ। নিজের লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের ভরণপোষণের দায়িত্বও পালন করতে হয়েছে তাকে। এর মধ্যে জুলাই-আগস্টের আন্দোলনে অংশ নিতে গিয়ে আহত হন। আন্দোলনে আহত হওয়ার পর তার জীবনযাত্রা বদলে যায়। শারীরিক অসুস্থতার কারণে আগের মতো চলাফেরা ও কাজ করার সক্ষমতাও কমে আসে।

সংসারের আর্থিক সংকট ও নিজের চিকিৎসার ব্যয় সামলাতে গিয়ে এবার এইচএসসি পরীক্ষায়ও অংশ নিতে পারেননি প্রান্ত। যে বয়সে তার উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পেশা নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই বয়সে এখন নিজের চিকিৎসার অর্থ জোগাড় করাই তার পরিবারের প্রধান চিন্তা। এরই মধ্যে তার মাও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। ফলে পরিবারের আর্থিক ও শারীরিক সংকট আরও ঘনীভূত হয়েছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রান্তের পেটের যক্ষ্মা ছাড়াও শরীরে আরও কিছু জটিলতা দেখা যাচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে। এ জন্য ভারতের ভেলরে সিএমসি হাসপাতাল অথবা গঙ্গারাম হাসপাতালে চিকিৎসার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক হিসাবে সেখানে চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও আনুষঙ্গিক ব্যয়সহ প্রায় ২৫ লাখ টাকা প্রয়োজন হতে পারে। কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

চিকিৎসা বিলম্বিত হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন, জুলাই আন্দোলনে আহতদের সহায়তায় কাজ করা প্রতিষ্ঠান এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন প্রান্ত।