পরকীয়ার জেরে পদত্যাগ করা হুয়াং এনভিডিয়ায় ফেরায় উচ্ছ্বসিত নেতানিয়াহু

পরকীয়া সম্পর্কের বিতর্কে পদত্যাগের পর চলতি সপ্তাহে আবারও মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়ার নেতৃত্বে ফিরেছেন জেনসেন হুয়াং। তার এই প্রত্যাবর্তনে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চমকপ্রদ বিষয় হলো, কেবল ট্রাম্পই নন-হাজারো কিলোমিটার দূরে বসে হুয়াংয়ের ফিরে আসায় দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, ইসরায়েলের প্রযুক্তি খাতের সঙ্গে এনভিডিয়ার অংশীদারত্ব উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটির নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকা বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের জন্যও সুখবর।

একসময় ইসরায়েলকে এনভিডিয়ার ‘দ্বিতীয় বাড়ি’ বলেছিলেন হুয়াং। দেশটির সঙ্গে প্রতিষ্ঠানটির গভীর সম্পর্কের প্রতিফলন পাওয়া যায় তার সেই বক্তব্যে।

ইসরায়েলের অর্থনীতিতে বড় অবদান

বিশ্বের অন্যতম মূল্যবান সেমিকন্ডাক্টর কোম্পানি এনভিডিয়ার যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম ইসরায়েলে। দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা প্রায় ছয় হাজার। বিভিন্ন শহরে রয়েছে সাতটি গবেষণা ও উন্নয়নকেন্দ্র।

এ ছাড়া হাইফার কাছে কিরিয়াত তিভনে বড় একটি গবেষণা ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সেখানে সর্বোচ্চ ১০ হাজার কর্মীর কাজের সুযোগ তৈরি হতে পারে।

ব্যাংক অব ইসরায়েলের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধিতে এনভিডিয়ার অবদান থাকতে পারে ২ দশমিক ২ শতাংশ পয়েন্ট। প্রতিষ্ঠানটির অবদান বাদ দিলে ইসরায়েলের প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশের পরিবর্তে ৩ দশমিক ৪ শতাংশে নেমে আসতে পারে।

এ ছাড়া গত জানুয়ারিতে শেষ হওয়া অর্থবছরে ইসরায়েলকে প্রায় ১২৯ কোটি ডলার কর দিয়েছে এনভিডিয়া।

মেলানক্স অধিগ্রহণে সম্পর্ক আরও গভীর

২০২০ সালের এপ্রিলে প্রায় ৭০০ কোটি ডলারে ইসরায়েলি প্রতিষ্ঠান মেলানক্স অধিগ্রহণ করে এনভিডিয়া। কম্পিউটার নেটওয়ার্কিং প্রযুক্তিতে দক্ষ এই প্রতিষ্ঠানটির প্রযুক্তি এনভিডিয়ার এআই ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

একাধিক জিপিইউকে দ্রুতগতিতে সংযুক্ত করে কাজ করানোর জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক অবকাঠামো তৈরিতে মেলানক্সের প্রযুক্তি বড় ভূমিকা রাখে।

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে এনভিডিয়ার নেটওয়ার্কিং বিভাগ থেকে ২ হাজার ১০০ কোটি ডলারের বেশি আয় হয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট আয়ের প্রায় ১৮ শতাংশ।

হুয়াংয়ের পদত্যাগে উদ্বেগ

হুয়াংয়ের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর ইসরায়েলের শেয়ারবাজারে উদ্বেগ দেখা দিয়েছিল। দেশটির অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এনভিডিয়ার অস্থিরতার সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে চিন্তিত ছিলেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎস।

তবে তার প্রত্যাবর্তনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে অভিনন্দন জানান। এনভিডিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আশাবাদও প্রকাশ করেন তিনি।

গাজা যুদ্ধে এনভিডিয়ার প্রযুক্তি ব্যবহারের অভিযোগ

ইসরায়েলের সঙ্গে এনভিডিয়ার সম্পর্কের পাশাপাশি গাজা যুদ্ধে প্রতিষ্ঠানটির প্রযুক্তি ব্যবহারের বিষয়টি নিয়েও বিতর্ক রয়েছে।

আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এনভিডিয়ার জেটসন কার্ড ও ডিজিএক্সের মতো এআই প্রযুক্তির পণ্য কিনেছে।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েল ‘দ্য গসপেল’, ‘ল্যাভেন্ডার’ ও ‘হোয়্যারস ড্যাডি?’ নামের এআই ব্যবস্থা ব্যবহার করেছে। এসব প্রযুক্তির মাধ্যমে ফিলিস্তিনিদের নজরদারি ও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।

এ ছাড়া ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের তৈরি ল্যানিয়াস ড্রোনে এনভিডিয়ার জেটসন টিএক্স২ প্রসেসর ব্যবহারের তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে ইসরায়েলের অর্থনীতি, প্রযুক্তি খাত ও গবেষণায় এনভিডিয়ার গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। অন্যদিকে ইসরায়েলও এনভিডিয়ার বৈশ্বিক প্রযুক্তি কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে হুয়াংয়ের প্রত্যাবর্তনকে দেশটির নেতৃত্ব ইতিবাচক হিসেবে দেখছে।